Site icon প্রিয় বন্ধু মিডিয়া

টিটাগড়ের রাস্তায় হঠাৎ গাড়ি থেকে নামলেন কৌস্তভ বাগচী! তারপর যা ঘটল….

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ব্যারাকপুর মহকুমার টিটাগড়ে রাস্তা জবরদখল এবং যত্রতত্র ইমারতি দ্রব্য স্তূপ করে রাখা নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের এক নজিরবিহীন বহিঃপ্রকাশ ঘটল। এলাকার সাধারণ মানুষের যাতায়াতের পথ আটকে দিনের পর দিন চলা এই অরাজকতা রুখতে এবার সশরীরে রাস্তায় নামলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। মঙ্গলবার এলাকায় আচমকা পরিদর্শনে এসে এই দৃশ্য দেখে নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি তিনি। গাড়ি থেকে মাঝরাস্তায় নেমে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বিধায়ক স্পষ্ট জানান, “সাধারণ মানুষের যাতায়াতের পথ রুদ্ধ করে এভাবে কোনো মতেই রাস্তা দখল করে রাখা যাবে না।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিটাগড় পুরসভা এলাকার একাধিক প্রধান এবং সংযোগকারী রাস্তার ওপর দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে বালি, পাথর, ইটসহ বিভিন্ন ইমারতির সামগ্রী ফেলে রাখা হচ্ছিল। এর ফলে রাস্তা সরু হয়ে নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং পথচলতি মানুষ ও বাইক আরোহীরা প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। স্থানীয় স্তরে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি।
অবশেষে মঙ্গলবার এলাকা পরিদর্শনের সময় রাস্তা জুড়ে এই অবৈধ জবরদখল নজরে আসতেই নিজের গাড়ি থামিয়ে নেমে পড়েন কৌস্তভ বাগচী। স্পটে দাঁড়িয়েই তিনি এই চরম অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন এবং তড়িঘড়ি রাস্তা থেকে সমস্ত ইমারতি সামগ্রী সরিয়ে সাধারণ মানুষের জন্য পথ সচল করার কড়া নির্দেশ দেন।

টিটাগড় ও ব্যারাকপুর পুরসভা এলাকার ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডে সরু গলি ও রাস্তা দখল করে গজিয়ে ওঠা বেআইনি বহুতল নির্মাণ রুখতেও গত কয়েকদিনে অত্যন্ত কড়া ভূমিকা নিয়েছেন বিজেপি বিধায়ক। এই রাস্তা জবরদখল ও অবৈধ সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরব হয়ে তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পাশাপাশি একটি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন কৌস্তভ বাগচী—”যদি এলাকায় কেউ আমার বা কোনো নেতার নাম করে তোলাবাজি করতে আসে কিংবা অবৈধ ব্যবসার জন্য টাকা চায়, তবে সাধারণ মানুষ তাকে সোজা গাছের গুঁড়িতে বেঁধে রাখবেন।” বিধায়কের এই অন-স্পট অ্যাকশন এবং কড়া অবস্থানের পর টিটাগড় জুড়ে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী সাধারণ মানুষ।

Exit mobile version