Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলের অ্যাকাউন্ট বিতর্কে নয়া মোড়: তদন্তের গতিপ্রকৃতি জানতে সাইবার ক্রাইম থানায় ঋতব্রত-সন্দীপনরা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট বিতর্ক এবং দলের অভ্যন্তরীণ আইনি লড়াইয়ের জল এবার গড়াল থানায়। দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে দুই শিবিরের সংঘাতের মাঝেই গতকাল বিধাননগর সাইবার ক্রাইম শাখায় হাজির হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ ৫ জন বিধায়ক। মূলত তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ (Debit Freeze) হওয়া সংক্রান্ত মামলার তদন্ত ঠিক কোন পথে এগোচ্ছে, তা সশরীরে খতিয়ে দেখতেই তাঁদের এই থানা সফর।

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে দুই শিবিরের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করেছে। ঋতব্রত শিবিরের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টগুলিতে অবৈধ লেনদেনের আশঙ্কা প্রকাশ করে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানো হয়েছিল। যার প্রেক্ষিতে প্রায় ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করা হয়। গতকাল রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ৫ জন বিধায়ক সশরীরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় যান। তদন্তকারীদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে চান, আইনি জটিলতা কাটিয়ে দলের ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টটি দ্রুত পুনরায় চালু করার কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে দলীয় দৈনন্দিন কাজে কোনও বাধা না আসে।

অ্যাকাউন্ট ফ্রিজ করার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী শিবির ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে, আজই জাতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে জোড়াফুল প্রতীক এবং ‘আসল’ তৃণমূলের দাবি নিয়ে দুই পক্ষকেই নিজেদের লিখিত নথিপত্র ও প্রমাণ জমা দিতে হবে।

রাজনৈতিক মহলের মতে, থানায় বিধায়কদের এই হাজিরা আদতে নির্বাচন কমিশন ও আদালতের লড়াইয়ের আগে পুলিশের ওপর চাপ বজায় রাখারই কৌশল। দুই শিবিরের এই নজিরবিহীন দড়িটানাটানি শেষ পর্যন্ত কোন দিকে ঘোরে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Exit mobile version