প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকালই পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যে ভোট হতে চলেছে দুই দফায়। আর ভোট ঘোষণার পরেই এখন সকলের নজর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা দিকে সব থেকে বেশি তৃণমূলের সঙ্গে প্রবল টেক্কা দেওয়া বিজেপির প্রার্থী তালিকার দিকেই নজর রয়েছে সাধারণ জনতার। তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে, বিজেপি এবং তৃণমূল, দুই দলই আগামীকাল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। তবে তৃণমূল এবং বিজেপি এই দুই দল যতই বামেদের পাত্তা না দিক, ভোটের ঘোষণার পর কিন্তু বামেরাই তাদের পেছনে ফেলে অন্তত প্রার্থী তালিকা ঘোষণার দিক থেকে এগিয়ে যাচ্ছে।
২৬ এর বিধানসভা নির্বাচনের তৃণমূলের সঙ্গে যে বিজেপির মূল লড়াই হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ জায়গাতেই বিজেপি এবার জয়লাভ করে ক্ষমতা দখল করবে বলে দাবি করছেন গেরুয়া শিবিরের নেতারা। অন্যদিকে বেশ কিছু আসনে সিপিএম ভোট কাটুয়ার কাজ করে তৃণমূলকে সুবিধা করে দেবে বলেও বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূল, দুই দল যখন প্রার্থী তালিকা নিয়ে শেষ মুহূর্তের আলোচনা করছে, তখন রাজ্য রাজনীতিতে কার্যত শূন্য হয়ে যাওয়া সিপিএম কিন্তু আজই বড় চমক দিতে চলেছে। এক্ষেত্রে যতই সিপিএমকে শূন্য বলে কেউ কটাক্ষ করুক না কেন, তৃণমূল এবং বিজেপি, রাজ্য রাজনীতিতে দুই প্রধান রাজনৈতিক দলকে রীতিমত পেছনে ফেলে দিয়ে অন্তত প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে চলেছে বামেরা।
সূত্রের খবর, আজ বামফ্রন্টের বৈঠকের পরেই সিপিএমের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। যেখানে একাধিক নাম সামনে আসছে। মীনাক্ষি মুখোপাধ্যায় থেকে শুরু করে দীপ্সিতা ধর, সপ্তর্ষি দেব থেকে শুরু করে কলতান দাশগুপ্তের মত একাধিক তরুণ মুখকে এবার সিপিএম প্রার্থী তালিকায় জায়গা দিতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি, দুই দলের মধ্যে প্রধান লড়াই হলেও প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে এই দুই দলকে পেছনে ফেলে সিপিএম ঠিক কি চমক দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।
