Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নিজের গড়েই চরম অস্বস্তিতে মহুয়া! কালীগঞ্জে সাংসদের কনভয় ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান, কালো পতাকা ও ডিম ছোড়ার অভিযোগ!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিজের সংসদীয় এলাকায় পা রাখতেই ফের জনরোষের আগুনে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সরকারি প্রকল্পের (স্নানঘাট) উদ্বোধনে গিয়েছিলেন তিনি। কিন্তু উন্নয়নের ফিতে কাটার আগেই চরম বিক্ষোভের মুখে পড়তে হলো তাঁকে। অভিযোগ, সাংসদের গাড়িবহর এলাকায় ঢুকতেই একদল বিক্ষোভকারী হাতে কালো পতাকা নিয়ে পথ আটকান, ওঠে কানফাটানো ‘গো-ব্যাক’ স্লোগান এবং গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ডিম ও পাথর! রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই নিজের খাসতালুক কৃষ্ণনগরে একের পর এক বিক্ষোভের মুখে পড়ে কার্যত কোণঠাসা হয়ে পড়ছেন একসময়ের দাপুটে এই সাংসদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কালীগঞ্জের গোবরা এলাকায় সাংসদ তহবিলের একটি স্নানঘাটের উদ্বোধনে যাচ্ছিলেন মহুয়া মৈত্র। তাঁর গাড়িবহর এলাকায় পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা কালো পতাকা ও বিজেপির দলীয় পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করেন। মহুয়া মৈত্রের অভিযোগ, প্রায় ৮০ থেকে ৯০ জন বিজেপি সমর্থক আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়েন।

ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ একের পর এক পোস্ট করে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন কৃষ্ণনগরের সাংসদ। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশের ডিজি এবং কৃষ্ণনগর পুলিশ জেলাকে ট্যাগ করে তিনি দাবি করেন, কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ অনুযায়ী তাঁর নিরাপত্তার দায়িত্ব পুলিশের ওপর থাকা সত্ত্বেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সাংসদের আরও অভিযোগ, গোবরা এলাকায় জমায়েতের বিষয়ে পুলিশকে আগে থেকেই সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কোনো আগাম ব্যবস্থা না নেওয়ায় এটি সরাসরি আদালত অবমাননার (Contempt of Court) শামিল বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে, সাংসদের এই অভিযোগকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের তরফে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে, বিগত বছরগুলিতে এলাকার মানুষের সঙ্গে কোনো যোগাযোগ না রাখায় এবং উন্নয়নের কাজে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ জমে রয়েছে। এখন রাজনৈতিক প্রচারে ভেসে থাকতেই হামলার নাটক করছেন সাংসদ।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বিক্ষোভের মুখে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে কালীগঞ্জে এবং সেপ্টেম্বর মাসে তেহট্ট ও চাপড়ায় তাঁকে কালো পতাকা ও ডিম ছোড়ার বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল। বিশ্লেষকদের একাংশের মতে, বিগত জমানায় ক্ষমতার দাপটে যে ক্ষোভ মানুষের মনের ভেতরে চাপা পড়ে ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে সাংসদ এলাকায় পা রাখলেই সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। সব মিলিয়ে, কালীগঞ্জের এই ঘটনায় শাসক ও বিরোধী—দুই শিবিরের রাজনৈতিক তরজা ফের চরমে উঠেছে। নিজের গড়েই একের পর এক এই প্রতিরোধ মহুয়া মৈত্রের রাজনৈতিক অস্বস্তি যে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Exit mobile version