প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) বা ইউসিসি আইন কার্যকরের দিশায় এক বড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলো। ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ নামক প্রস্তাবিত আইনের খসড়া বিলটি সব দিক থেকে খতিয়ে দেখতে রাজ্য বিচার বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ৯ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য প্রশাসন।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই নবগঠিত কমিটির চেয়ারপার্সন বা প্রধান পদের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে উত্তরাখণ্ড রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরিতে তিনি অত্যন্ত সফল ভূমিকা পালন করেছিলেন। এই কমিটিতে সদস্য-আহ্বায়ক (Member-Convener) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ (IAS)। প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে রাখা হয়েছে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ রাজনীতিক ও প্রকৌশলী তথাগত রায়কে।
নবান্ন সূত্রের খবর, এই বিশেষ কমিটিকে খসড়া বিলটির প্রতিটি ধারা গভীরভাবে বিশ্লেষণ করে আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ ও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার বা সম্পত্তির অধিকার এবং দত্তক নেওয়ার মতো স্পর্শকাতর সামাজিক বিষয়গুলোতে সর্বজনীন সমতা আনাই এই বিলের প্রধান লক্ষ্য। তবে খসড়ায় স্পষ্ট করা হয়েছে যে, আদিবাসী ও তপশিলি উপজাতি (ST) সম্প্রদায়কে সম্পূর্ণ সুরক্ষাকবচ দিয়ে এই আইনের এক্তিয়ার থেকে বাইরে রাখা হতে পারে। ধারণা করা হচ্ছে, কমিটির সবুজ সংকেত পাওয়ার পরেই আগামী আগস্ট মাসে বসতে চলা রাজ্য বিধানসভার অধিবেশনে এই বিলটি পেশ করতে পারে সরকার।
রাজ্য প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্যানেলে রয়েছেন রাজ্যের রেসিডেন্ট কমিশনার দুষ্মন্ত নারিওয়ালা (IAS), অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং এবং বঙ্গবাসী কলেজের নৃবিদ্যার (Anthropology) অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডাঃ রত্না ভট্টাচার্য। এছাড়াও কমিটিতে স্থান পেয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক এবং প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য। মন্ত্রিসভার নীতিগত অনুমোদন এবং রাজ্যপাল এ আর রবির সম্মতির পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় এই কমিটি অবিলম্বে তাদের কাজ শুরু করতে চলেছে।
