প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেখানে চমকের পর চমক লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গ এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরেই এখানে ভালো ফলাফল করছে বিজেপি। এবারেও এই উত্তরবঙ্গের তৃণমূল এক অঙ্কের সংখ্যা পার হতে পারবে না বলেই চ্যালেঞ্জ করছেন বিজেপি নেতারা। আর তার মধ্যেই আজ বিজেপির প্রার্থী তালিকায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে পরিচিত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে পুরোনো মুখের ওপরেই ভরসা রাখলো পদ্ম শিবির।
বলা বাহুল্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই বিজেপি উত্তরবঙ্গে অভূতপূর্ব ফলাফল করছে। তারপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে বিজেপির কাঙ্ক্ষিত ফলাফল না হলেও, উত্তরবঙ্গ থেকে তারা বিপুল আসনে জয়ী জয় পেয়েছে। এমনকি ২৪ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ বিজেপিকে নিরাশ করেনি। সেদিক থেকে ২৬ এ যখন বিজেপির প্রধান টার্গেট, রাজ্যের ক্ষমতায় আসা, তখন সেই উত্তরবঙ্গে বিজেপি কাকে কোথায় প্রার্থী করে, তার দিকে সকলেরই নজর ছিলো। কিছুক্ষণ আগেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর সেখানেই শিলিগুড়ির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শঙ্কর ঘোষের।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অধ্যাপক শঙ্কর ঘোষ। তারপর রাজ্য বিধানসভায় তার ভূমিকা অত্যন্ত গ্রহণযোগ্য ছিলো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে রীতিমত প্রতি পদে পদে বেগ দিতে দেখা গিয়েছিল তাকে। এমনকি রাজ্য বিধানসভার বিজেপির মুখ্য সচেতকও ছিলেন শিলিগুড়ির এই বিধায়ক। আর আজ বিজেপি প্রার্থী তালিকা ঘোষণাতেও সেই শিলিগুড়িতে ফের আরও একবার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে শঙ্কর ঘোষের ওপরেই ভরসা রাখলো পদ্ম শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
