Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ভোটের আগেই রণক্ষেত্র নন্দীগ্রাম! মধ্যরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তাণ্ডব-লুটপাটের অভিযোগ, সকালে প্রার্থীকে ঘিরে তুলকালাম!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রথম দফার মহাযুদ্ধের কয়েক ঘণ্টা আগে থেকেই কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে নন্দীগ্রাম। এদিন রাত থেকেই ভেকুটিয়া পঞ্চায়েত এলাকার ৫১ ও ৫২ নম্বর বুথ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে তৃণমূলের ওপর হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ, অন্যদিকে তৃণমূল প্রার্থীর সামনেই বিজেপির বিক্ষোভ— সব মিলিয়ে ভোটের আগের দিনই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এই হাইভোল্টেজ কেন্দ্র।

গতকাল গভীর রাতে ভেকুটিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। শাসক শিবিরের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোটা ও অস্ত্র নিয়ে দলীয় কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় এবং ব্যাপক লুটপাট চালায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় উস্কানি দিচ্ছে এবং তাদের এক সক্রিয় কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, জনরোষ থেকে বাঁচতেই তৃণমূল এখন মিথ্যে অভিযোগের আশ্রয় নিচ্ছে।

এদিন সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। তাঁকে দেখামাত্রই ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা। প্রার্থীকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় এবং তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান তোলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Exit mobile version