প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোট চলাকালীন অশান্তি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রার্থীদের গতিবিধির ওপর কার্যত ‘লক্ষ্মণরেখা’ টেনে দিল কমিশন। সূত্র মারফত জানা যাচ্ছে, এবার থেকে ভোটের দিন প্রার্থীরা চাইলেই নিজের এলাকার বাইরে যেতে পারবেন না।
কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রার্থীদের জন্য একগুচ্ছ কড়া নিয়ম জারি করা হয়েছে। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো প্রার্থী তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের ভৌগোলিক সীমানা পেরিয়ে বাইরে যেতে পারবেন না।
ভোট চলাকালীন পুরো সময়টা প্রার্থীকে নিজের এলাকাতেই থাকতে হবে। কমিশনের যুক্তি, এতে প্রার্থীরা নিজ এলাকায় সশরীরে উপস্থিত থেকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করতে পারবেন।
কোনোভাবেই কোনো গণ্ডগোল বা অশান্তিতে প্রার্থীরা সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না। যদি কোথাও কোনো উত্তেজনা তৈরি হয়, তবে তা নিয়ন্ত্রণে কমিশনকে সহযোগিতা করার দায়িত্বও প্রার্থীদের ওপর ন্যস্ত করা হয়েছে।
বাইক র্যালি আগেই নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পিলিয়ন রাইডিং বা বাইকের পিছনে বসা নিয়ে কড়া নজরদারি থাকবে, যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।
গত কয়েকটি নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বুথ দখল বা এলাকা দখলের যে অভিযোগগুলো উঠেছিল, তা মাথায় রেখেই এবার আরও সজাগ কমিশন। পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভোটের দিন বহিরাগতদের প্রবেশ এবং এক কেন্দ্রের প্রার্থীর অন্য কেন্দ্রে যাওয়ার ফলে অনেক সময় উত্তেজনা ছড়িয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার ‘রিয়েল টাইম’ মনিটরিং এবং এলাকাভিত্তিক কড়াকড়ি বাড়ানো হয়েছে।
কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, এই নির্দেশিকা কোনো বিশেষ ব্যক্তি বা দলের জন্য নয়, বরং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নেওয়া হয়েছে। প্রার্থীরা যাতে ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে বরং তা সুষ্ঠু করতে সাহায্য করেন, সেটাই এই নির্দেশের মূল লক্ষ্য।
ভোটের ময়দানে এবার প্রার্থীদের এই ‘নতুন নিয়মের’ বেড়াজাল পারফর্ম্যান্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
