প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের ঠিক এক সপ্তাহের মাথায় বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কমিশনের চেয়ারম্যান পদে আনা হলো এক বিরাট পরিবর্তন। আজ, ২৯ জুলাই ২০২৬, বুধবার রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস (IAS) অফিসার নবীন প্রকাশ। এর আগে গত ২২ জুলাই গঠিত হওয়া এই কমিশনের শীর্ষ পদে প্রাক্তন আইএএস অতনু চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যার পরিবর্তে এবার নতুন নাম ঘোষণা করল নবান্ন।
রাজ্য অর্থ দফতরের বিজ্ঞপ্তি (Resolution No. 2760-F(P1)) অনুযায়ী, পূর্বতন সিদ্ধান্তের আংশিক সংশোধন করে অতনু চক্রবর্তীর জায়গায় নতুন চেয়ারপার্সন হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশকে (Shri Naveen Prakash) নিয়োগ দেওয়া হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হচ্ছে। নতুন চেয়ারম্যান নবীন প্রকাশ একসময় পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ অতিরিক্ত মুখ্যসচিব (Additional Chief Secretary) হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছেন। ফলে রাজ্যের প্রশাসনিক ও আর্থিক কাঠামো সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। গত ২২ জুলাই রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে এই কমিটির মাথায় বসানো হয়েছিল। তবে মাত্র ৭ দিনের মাথায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।
চেয়ারম্যান পদে বদল আনা হলেও চার সদস্যের এই উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটির বাকি সদস্যদের কাঠামো অপরিবর্তিত থাকছে। রাজ্যপালের অনুমোদনক্রমে গঠিত এই কমিটিতে দায়িত্ব সামলাচ্ছেন। ১. চেয়ারপার্সন: শ্রী নবীন প্রকাশ, আইএএস (অবসরপ্রাপ্ত)। ২. সদস্য-সচিব: শ্রী দেবীপ্রসাদ করণম, আইএএস (পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের সচিব)। ৩. সদস্য: ড. পার্থ মুখোপাধ্যায়।
অর্থ দফতর সূত্রে খবর, রাজ্য সরকারি কর্মচারী, বিভিন্ন সংবিধিবদ্ধ পর্ষদ, কর্পোরেশন এবং পেনশনভোগীদের বর্তমান বেতন কাঠামো, মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা সার্বিকভাবে পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিশনকে। নতুন চেয়ারম্যানের অধীনে গঠিত এই বিশেষজ্ঞ কমিটি আগামী ৬ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ রাজ্য সরকারের কাছে জমা দেবে।
