Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সরকারি কর্মীদের সুখবর: ২০২৭-এর মার্চেই বকেয়া মিটিয়ে সপ্তম বেতন কমিশন, ডিএ নিয়ে সোশ্যাল মিডিয়ার জল্পনা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সল্টলেকের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং নতুন বেতন কমিশন চালু করা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট করে দেন, রাজ্য সরকার কোনও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ হিসাব কষে কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করছে।

কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ-র যে ৪২ শতাংশের ফারাক রয়েছে, তা একলপ্তে মেটানো সম্ভব নয়। তবে রাজ্য সরকার খুব দ্রুত এবং পর্যায়ক্রমে এই ব্যবধান সম্পূর্ণ মিটিয়ে দেবে। ইন্টারনেট বা সামাজিক মাধ্যমে কেউ ১০ শতাংশ আবার কেউ একবারে ৪২ শতাংশ ডিএ দেওয়ার যে দাবি করছিলেন, তা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার কোনো অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে সুপরিকল্পিত উপায়ে কাজ করছে।

নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঘোষিত ২০ শতাংশ বর্ধিত ডিএ আগামী ১ অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে। এর ফলে উৎসবের মরশুমের শুরুতেই রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মোট ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালুর গাইডলাইন ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যেই এটি রাজ্যে কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রশাসন। এমনকি ২০২৮-২৯ অর্থবর্ষে অষ্টম বেতন কমিশন নিয়ে রূপরেখা তৈরির ভাবনাও এখন থেকেই শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র সিংহভাগ অংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের বাকি পাওনাও ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে কর্মচারীদের আশ্বস্ত করেছেন তিনি। বিদ্যুৎ ভবনের এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, বিদ্যুৎ বণ্টন সংস্থা সহ রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার ও অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়া এবার থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর মাধ্যমে করা হবে। কোনও রকম বিভাগীয় সরাসরি নিয়োগ বরদাস্ত করা হবে না। পাশাপাশি, বিদ্যুৎ দপ্তরের যে সমস্ত কর্মীরা একই জায়গায় ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত, তাদের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট বদলি নীতি (Transfer Policy) কার্যকর করার নির্দেশও দিয়েছেন তিনি।

Exit mobile version