প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভায় বিরোধী দলনেতা (LoP) নির্বাচন ঘিরে আইনি লড়াইয়ে নয়া মোড়। শুক্রবার (২৭ নভেম্বর) কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ বিধানসভার স্পিকারের গত ৩ জুনের সিদ্ধান্ত—অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ খারিজ করে দিয়েছেন। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই রায়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে তীব্র কটাক্ষ করে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায় প্রকাশ্যে আসার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই রায়ে মমতা-তৃণমূলের উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই। তাঁর কথায়, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে এখন আর কোনো রাজনৈতিক দলই নেই। ওদের অস্তিত্বই শেষ। এখন দু’টি আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে—একটি এমএআইটিসি (MAITC) এবং অন্যটি ডিটিসি (DTC)।” বিরোধী দলনেতা পদের জট কাটাতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে কী করা উচিত, তা নিয়েও নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “আমার মতে, স্পিকারের উচিত এই দুই গোষ্ঠীর বিধায়কদেরই ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা। যাঁদের পক্ষে বেশি বিধায়ক থাকবেন, তাঁদেরই রাজ্যের প্রধান বিরোধী দল এবং বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া উচিত।” এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। মমতা শিবিরের আইনি লড়াইকে কটাক্ষ করে তিনি বলেন, “ওদের আইনি পরামর্শদাতারা ওদের চরম বিভ্রান্ত (মিসগাইড) করেছেন। আমার তো মনে হচ্ছে, পিসি-ভাইপোর সঙ্গে আরও একটা বড় অন্তর্ঘাত হয়ে গেল!”
২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয়ী হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হয়। শুরুতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে ৯ মে স্পিকারকে চিঠি দেন। পরবর্তীকালে ওই চিঠিতে বিধায়কদের সই জালের অভিযোগ ওঠে এবং দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়। ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হলে, ৩ জুন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রতকেই তাঁদের নেতা নির্বাচিত করেন এবং স্পিকার তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেন।
স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাও স্পিকারের পূর্বের নির্দেশ খারিজ করে আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। ফলে আগামী ১০ দিন পশ্চিমবঙ্গ বিধানসভায় আনুষ্ঠানিকভাবে কোনও বিরোধী দলনেতা থাকছেন না। হাইকোর্টের এই নির্দেশের পর আগামী ১০ দিনের মধ্যে বিধানসভার স্পিকার কোন পক্ষের বিধায়কদের সংখ্যার ভিত্তিতে চূড়ান্ত সিলমোহর দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলার রাজনৈতিক মহল।
