Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বেকারদের জন্য মেগা উপহার! চলতি অর্থবর্ষেই ১ লক্ষ সরকারি চাকরি, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর শোনাল নতুন রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ঘোষণা করেন, “চলতি অর্থবর্ষের মধ্যেই অর্থাৎ ২০২৭ সালের মার্চের মধ্যে মেধার ভিত্তিতে রাজ্যে ১ লক্ষ পদে নিয়োগ সম্পন্ন হবে।” বিগত দিনে নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত আইনি জট বা ওবিসি (OBC) সংক্রান্ত জটিলতা ছিল, তা কাটিয়ে সম্পূর্ণ স্বচ্ছভাবে এই নিয়োগ ড্রাইভ চালানো হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, ১ লক্ষ নিয়োগের দীর্ঘমেয়াদি লক্ষ্যের পাশাপাশি আজকের মন্ত্রিসভার বৈঠকে নতুন করে আরও ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সরাসরি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এই নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বন বিভাগ, বিদ্যালয় শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME), দমকল, সংশোধনাগার (কারা দফতর), বিচার এবং নারী ও শিশু কল্যাণ দফতরসহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশন (PSC), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থাগুলির মাধ্যমে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে এই চাকরি দেওয়া হবে।

রাজ্য পুলিশে প্রায় ১২,০০০ কনস্টেবল পদের যে নিয়োগ প্রক্রিয়া চলছিল, তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেবীপক্ষের মধ্যেই আগামী ১১ অক্টোবর প্রথম দফায় যে সমস্ত চাকরিপ্রার্থীদের মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে, তাঁদের হাতে সরাসরি নিয়োগপত্র (Appointment Letter) তুলে দেওয়া হবে।

নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং কোনো রকম স্বজনপোষণ বা দুর্নীতি রুখতে রাজ্য সরকার একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, “আমরা নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ বা মৌখিকের নম্বর কমিয়ে মাত্র ৫ করেছি।” এর ফলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং লিখিত পরীক্ষার নম্বরই হবে চাকরি পাওয়ার মূল ভিত্তি, যাতে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত না হন। চলতি অর্থবর্ষের (২০২৬-২৭) বাকি ৫ মাসের মধ্যে সরকারের মোট ৫৪টি দফতরের মাধ্যমে এই ১ লক্ষ নিয়োগের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে নবান্ন।

Exit mobile version