Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় দাঙ্গাবাজদের এবার কড়া দাওয়াই! বিধানসভায় পাস কঠোর জননিরাপত্তা বিল, অপরাধীদের সম্পত্তি নিলামের হুঁশিয়ারি শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে সমাজবিরোধী উপদ্রব রুখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করতে বড়সড় আইনি সংস্কারের পথে হাঁটল বর্তমান শাসক দল। আজ, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিপুল জনসমর্থন নিয়ে পাস হয়ে গেল বহুল চর্চিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। বিধানসভার ভোটাভুটিতে বিলের পক্ষে ১৭৬ টি ভোট পড়ে, যেখানে বিরোধী শিবিরের ৪১ জন সদস্য এর বিরুদ্ধে ভোট দেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিলটিকে পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও সংখ্যাগরিষ্ঠতার জেরে তা খারিজ হয়ে যায়। অপরাধ দমনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ ও গুজরাতের সমকক্ষ কড়া ব্যবস্থা এবার এই রাজ্যের বুকেও কার্যকর হতে চলেছে।

বিল পাসের পর নিজের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই কঠোর আইনের উদ্দেশ্য কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা কেবল সাধারণ হাজতবাস নয়। বরং রাজ্যে তৈরি হওয়া সিন্ডিকেট রাজ ও সমাজবিরোধী চক্রকে গোড়া থেকে উপড়ে ফেলাই প্রশাসনের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, কোনো সাধারণ মানুষ বা রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এই আইনের অপপ্রয়োগ করা হবে না। তবে যারা দাঙ্গা বা হিংসাত্মক পরিস্থিতি তৈরি করে সাধারণ নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

জননিরাপত্তার স্বার্থে বিঘ্ন সৃষ্টিকারী যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সর্বোচ্চ এক বছর (১২ মাস) পর্যন্ত নিবর্তনমূলক হেফাজতে রাখতে পারবে প্রশাসন। কোনো হিংসাত্মক আন্দোলন বা দাঙ্গার জেরে সরকারি কিংবা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর হলে, সেই আর্থিক ক্ষতি উশুল করা হবে অপরাধীর থেকে। আইন অনুযায়ী, দোষীদের সম্পত্তি নিলাম করে সাধারণ মানুষের ক্ষতিপূরণ দেওয়া হবে। তোলাবাজি, জোরপূর্বক জমি বা সম্পত্তি দখল, অবৈধ সিন্ডিকেট চালানো, সাধারণ ব্যবসায় বাধা দেওয়া এবং খনি বা বালি মাফিয়ারাজকেও এই নতুন অপরাধের তালিকায় কঠোরভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিন বিধানসভার অধিবেশন ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তপ্ত। গুন্ডা দমন আইনের পাশাপাশি আজ ওবিসি সংশোধনী বিলও পাস করিয়ে নিয়েছে বর্তমান সরকার। পূর্বতন সরকারের আমলে তৈরি হওয়া বিতর্কিত ওবিসি তালিকা সংশোধনের এই বিল পাসের আগেই তৃণমূল বিধায়কদের একটি অংশ বিধানসভা কক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেন। বিল পাসের আবহেই মুখ্যমন্ত্রী এক বড়সড় ঘোষণা করে জানান, খুব দ্রুত এই রাজ্য বিধানসভায় ‘অভিন্ন দেওয়ানি বিধি’ (Uniform Civil Code – UCC) বিলও পেশ করতে চলেছে তাঁর সরকার।

Exit mobile version