Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিধানসভায় পাশ ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল, বদলে যাচ্ছে রাজ্যের সংরক্ষণ কাঠামো! বড় ঘোষণা সরকারের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য বড়সড় আইনি পদক্ষেপ নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ওবিসি (OBC) সংরক্ষণ ব্যবস্থায় বড় রদবদল ঘটতে চলেছে। আজ, সোমবার (২৯ জুন, ২০২৬) রাজ্য বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বহুল চর্চিত জোড়া সংশোধনী বিল।

আজকের অধিবেশনে অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল দুটি পেশ করেন। কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ এবং আইনি জটিলতা কাটানোর উদ্দেশ্যেই এই সংশোধনী আনা হয়েছে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। যে দুটি বিল পাশ হলো: ১. ‘ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব) রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। ২. ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।

নবান্ন ও বিধানসভা সূত্রে খবর, পূর্ববর্তী বাম আমলের ১৯৯৩ সালের মূল আইন এবং ২০১২ সালের তৃণমূল জমানার ওবিসি আইনকে সংস্কার করতে এই জোড়া বিল আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, ওবিসি-র ‘বি’ (OBC-B) ক্যাটাগরির অন্তর্ভুক্ত বিতর্কিত ৭৮টি জনগোষ্ঠীর তালিকায় বড়সড় সংশোধন ও আইনি সংস্কার করা হচ্ছে। তবে ওবিসি ‘এ’ (OBC-A) ক্যাটাগরির তালিকায় কোনো পরিবর্তন করা হয়নি।

সরকার পক্ষের দাবি, আদালতের নির্দেশিকা মেনে অনগ্রসর শ্রেণীর প্রকৃত ও যোগ্য ব্যক্তিরা যাতে সংরক্ষণের সুফল পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বিলটি পাশ হওয়ার ফলে এখন থেকে রাজ্যে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের নতুন আইনি কাঠামো কার্যকর হতে চলেছে।

আজ বিধানসভায় এই বিল দুটি পেশ হতেই বিরোধী বেঞ্চে তীব্র আলোড়ন তৈরি হয়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৮৬টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র ১৭টি ভোট। এই বিল পাশের পর ওবিসি তালিকাভুক্তি নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরে চলা আইনি ও রাজনৈতিক টানাপোড়েন নতুন মোড় নিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Exit mobile version