প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার যে বার্তা নতুন সরকার দিয়েছিল, এবার তার স্পষ্ট প্রতিফলন দেখা গেল রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায়। সিলেবাস পরিমার্জনের পাশাপাশি এবার প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আগামী নতুন শিক্ষাবর্ষের শুরুতেই অর্থাৎ ২ জানুয়ারি (২০২৭) ‘বুক ডে’-তে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীদের হাতে এই নতুন নামের বইগুলি তুলে দেওয়া হবে। তবে পাঠ্যবইয়ের এই নাম বদলের নেপথ্যে কোনো রাজনৈতিক চাপ বা ওপরতলার নির্দেশ নেই—তা একদম স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। তাঁর বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছে, বিগত জমানার মতো শিক্ষাক্ষেত্রে অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপের পথে না হেঁটে, সিলেবাস কমিটির বিশেষজ্ঞদের স্বাধীনতার ওপরই পূর্ণ আস্থা রেখেছে বর্তমান সরকার।
স্কুলপাঠ্যের এই নতুন নামকরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আরও আকৃষ্ট করতে এবং বইগুলোকে আধুনিক ও প্রাণবন্ত করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন—“মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মতামত রাখেননি, কোনও বক্তব্যও দেননি। কখনও আমাদের বিরোধিতাও করেননি বা সেন্সরও করেননি।” শিক্ষামন্ত্রী আরও জানান, তিনি নিজেও দফতরের মন্ত্রী হিসেবে সিলেবাস কমিটির কাছে কোনো নামের প্রস্তাব পাঠাননি; বরং সিলেবাস কমিটির বিশেষজ্ঞরা নিজেরা আলোচনা করেই এই নামগুলো চূড়ান্ত করেছেন।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাক-প্রাথমিক স্তরের দুটি বই সহ প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে বইগুলির নাম পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: প্রথম শ্রেণি: পূর্বতন ‘আমার বই-১’ (ক, খ, গ)-এর নতুন নাম হচ্ছে ‘নবপল্লব-১’ (খণ্ড ১, ২ ও ৩)। দ্বিতীয় শ্রেণি: ‘আমার বই-২’ (ক, খ, গ) বদলে হচ্ছে ‘নবদিগন্ত-২’ (খণ্ড ১, ২ ও ৩)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি: বাংলা পাঠ্যবই ‘পাতাবাহার’-এর নাম বদলে যথাক্রমে ‘নবাঙ্কুর-৩’, ‘উন্মেষ-৪’ এবং ‘নবদিশারী-৫’ করা হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি (ইতিহাস): আগের ‘অতীত ও ঐতিহ্য’ বইটির নাম বদলে ষষ্ঠ শ্রেণিতে ‘প্রাচীন ইতিহাস-৬’, সপ্তম শ্রেণিতে ‘মধ্য ইতিহাস-৭’ এবং অষ্টম শ্রেণিতে ‘আধুনিক ইতিহাস-৮’ করা হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি (ভূগোল): ‘আমাদের পৃথিবী’ বইটির নতুন নাম হচ্ছে ‘ভূ-পরিচয়’ (৬, ৭ ও ৮)।
শিক্ষা ও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, বর্তমান রাজ্য সরকারের এই সিদ্ধান্ত দুটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, অতীতে পাঠ্যবইয়ের নামকরণ থেকে শুরু করে মলাটের রং—সবেতেই প্রশাসনের শীর্ষস্তরের হস্তক্ষেপের অভিযোগ উঠত। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শিক্ষামন্ত্রী দীপক বর্মণ যেভাবে পুরো বিষয়টি সিলেবাস কমিটির বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দিয়েছেন, তা গণতান্ত্রিক ও সুস্থ শিক্ষা পরিকাঠামোরই পরিচয়। কোনো রকম ‘সেন্সরশিপ’ ছাড়াই বিশেষজ্ঞদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সরকার কার্যত একটি ইতিবাচক নজির গড়ল। শিক্ষাবিদদের একাংশের মতে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ইতিহাসের বইয়ের নাম ‘প্রাচীন ইতিহাস’, ‘মধ্য ইতিহাস’ এবং ‘আধুনিক ইতিহাস’ করায় ছাত্রছাত্রীদের কাছে বিষয়বস্তু অনেক বেশি স্পষ্ট ও সহজবোধ্য হবে। পাশাপাশি ‘নবপল্লব’, ‘নবদিগন্ত’ বা ‘উন্মেষ’-এর মতো শ্রুতিমধুর নামগুলো কচিকাঁচাদের মননে নতুন উদ্দীপনা জোগাবে।
রাজনৈতিক পালাবদলের পর বাংলার শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, ১৭টি পাঠ্যবইয়ের এই নব-রূপায়ণ তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন আগামী ২ জানুয়ারি রাজ্যের স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে খুদে পড়ুয়াদের হাতে এই নতুন বইগুলি তুলে দেওয়ার অপেক্ষা।
