Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নবান্নে তোলপাড়! শীঘ্রই ৩ গুরুত্বপূর্ণ দফতরের ‘শ্বেতপত্র’ আনছে রাজ্য সরকার!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং পূর্বতন প্রশাসনিক গলদ জনগণের সামনে আনতে এবার এক নজিরবিহীন ও চরম পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দফতরের ‘শ্বেতপত্র’ (White Paper) প্রকাশ করতে চলেছে নবান্ন। এই তিন দফতর হলো—অর্থ, উচ্চশিক্ষা এবং পুলিশ দফতর। এদিন এই বিস্ফোরক ও মেগা ঘোষণাটি করেছেন রাজ্যের বর্তমান উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, বিগত দীর্ঘ সময় ধরে এই দফতরগুলিতে কীভাবে প্রাতিষ্ঠানিক স্তরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চালানো হয়েছে, তা জনসমক্ষে আনা অত্যন্ত জরুরি। তিনি দাবি করেন, একের পর এক চাঞ্চল্যকর প্রাতিষ্ঠানিক দুর্নীতি ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এবং সরকারি ব্যবস্থার কীভাবে অপব্যবহার করা হয়েছে, তার খতিয়ান এই শ্বেতপত্রে তুলে ধরা হবে।

দফতরের ভেতরের সমস্ত অনিয়ম এবং দুর্নীতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি। উচ্চশিক্ষামন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিটি এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। এই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর তৈরি হচ্ছে এই শ্বেতপত্র, যা আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে।

উচ্চশিক্ষা দফতর: শিক্ষক নিয়োগ, প্রাতিষ্ঠানিক ফাণ্ডের ব্যবহার এবং বিশ্ববিদ্যালয় স্তরে বিগত জমানায় ঘটে যাওয়া একাধিক বড় আর্থিক ও প্রশাসনিক কেলেঙ্কারি সামনে আনা হবে। অর্থ দফতর: রাজ্যের রাজকোষের বর্তমান শোচনীয় দশা, বিপুল ঋণভার এবং পূর্বতন জমানার আর্থিক অসঙ্গতির খতিয়ান প্রকাশ পাবে। পুলিশ দফতর: পুলিশ প্রশাসনের ভেতরের দুর্নীতি, নিয়োগ প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক অনিয়মের কালো দিকগুলি প্রকাশ্যে আনা হবে।সরকারের এই সাঁড়াশি আক্রমণের পর রাজনৈতিক মহলের ধারণা, এই শ্বেতপত্র প্রকাশের পর রাজ্যের বহু প্রভাবশালী আধিকারিক এবং পূর্বতন রাজনীতিকের ওপর আইনি কোপ পড়তে চলেছে।

Exit mobile version