প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে এবার এক চরম এবং নজিরবিহীন বিতর্ক সামনে এলো। চিকিৎসার নামে চরম গাফিলতি এবং ভুল চিকিৎসার কারণে আড়াই থেকে তিন বছরের এক নিষ্পাপ শিশুর ডান হাত কেটে বাদ দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অমানবিক ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায়। ক্ষোভে ফেটে পড়ে ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্নার আড়াই বছরের কন্যাসন্তানের ডান হাতে একটি সমস্যা ছিল। প্রথমে দিল্লির নামী চিকিৎসা প্রতিষ্ঠান ‘এইমস’ (AIIMS)-এ শিশুটির চিকিৎসা চলছিল। কিন্তু আর্থিক অনটনের কারণে পরিবারটি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের দ্বারস্থ হন। অভিযোগ, সেখান থেকে আশ্বাস দিয়ে দিল্লির চিকিৎসা বন্ধ করিয়ে দেওয়া হয় এবং সেবাশ্রয় শিবিরেই চিকিৎসা শুরু হয়। পরিবারের দাবি, দীর্ঘ ৬ মাস ধরে সেখানে ভুল চিকিৎসা ও চরম অবহেলা করা হয়, যার ফলে শিশুটির হাতের ইনফেকশন বা ক্ষত মারাত্মক আকার ধারণ করে।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পরবর্তীতে কলকাতার আর জি কর হাসপাতাল হয়ে শিশুটিকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানান, সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়া আটকাতে এবং শিশুর জীবন বাঁচাতে একমাত্র উপায় হাত কেটে ফেলা। অগত্যা চিকিৎসকরা ওই একরত্তি শিশুর ডান হাতটি কাঁধ থেকে কেটে বাদ দিতে বাধ্য হন।
এখানেই শেষ নয়, পরিবারের আরও এক মারাত্মক অভিযোগ, তাঁদের অজান্তেই এবং কোনো অনুমতি ছাড়াই শিশুটির ছবি সাংসদের লোকসভা কেন্দ্রের প্রচারমূলক পুস্তিকা ‘নিঃশব্দ বিপ্লব’-এ বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়েছে। অথচ বিপদের দিনে কোনো সাহায্য মেলেনি।
এই মর্মান্তিক ঘটনার বিচার চেয়ে বিজেপি নেতা অভিজিৎ দাসের (ববি) সাহায্যে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা-মা। সেই এফআইআর-এর কপিতে সরাসরি নাম রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বর্তমানে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেন এবং চিকিৎসক অয়ন ঘোষ দস্তিদারসহ মোট ৬ জনের।কিছুদিন আগেই এই একই শিবিরের বিরুদ্ধে মালতী বিশ্বাস নামে এক মহিলার ডান পা কেটে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল রবীন্দ্রনগর থানায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার এক শিশুর হাত খোয়ানোর ঘটনায় ‘সেবাশ্রয়’ প্রকল্পের বিশ্বাসযোগ্যতা এবং চিকিৎসকদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গেল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
