প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে কলকাতা পুলিশের তলবে সাড়া দিয়ে শুক্রবার (২০ নভেম্বর) গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই হাজিরাকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা চত্বর। থানার বাইরে তৃণমূল সমর্থকদের স্লোগানবাজির পাল্টা বিজেপি কর্মী-সমর্থকদের তীব্র বিক্ষোভ এবং অভিষেককে লক্ষ্য করে দেওয়া ‘চোর-চোর’ স্লোগানে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। দুই যুযুধান পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা ও ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে গোটা চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।
এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে দুপুর পৌনে একটা নাগাদ গিরিশ পার্ক থানায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই থানার বাইরে ভিড় জমাতে শুরু করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। অভিষেকের গাড়ি থানার সামনে আসতেই অনুগামীরা তাঁর সমর্থনে স্লোগান দিতে থাকেন এবং পুলিশি তলবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কিন্তু তৃণমূল সমর্থকদের সেই আস্ফালন বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঠিক সেই সময়েই পাল্টা বিক্ষোভ দেখাতে থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকেরা। সাংসদ থানায় ঢোকার মুখেই গেরুয়া শিবিরের তরফে অভিষেককে নিশানা করে তীব্র ‘চোর-চোর’ স্লোগান দেওয়া শুরু হয়। এই স্লোগান শুনেই মেজাজ হারান তৃণমূল সমর্থকেরা। মুহূর্তের মধ্যে দুই দলের কর্মীরা একে অপরের মুখোমুখি চলে আসায় শুরু হয় তুমুল ধস্তাধস্তি ও হাতাহাতি। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশ লাঠি উঁচিয়ে ও ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে আলাদা করে দেয়।
গিরিশ পার্ক থানার বাইরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা। রাজনৈতিক বিশ্লেষক ও ওয়াকিবহাল মহলের মতে, ক্ষমতার বৃত্ত থেকে সরে যাওয়ার পর সাধারণ মানুষের ক্ষোভ এবং বিরোধী শিবিরের এই তীব্র প্রতিরোধের মুখে পড়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হলো তৃণমূল সেনাপতিকে।
পর্যবেক্ষকদের একাংশের কটাক্ষ: বিগত তৃণমূল জমানায় যে দলের নেতারা পুলিশকে প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দিতেন এবং থানার সামনে তাণ্ডব চালিয়েও পার পেয়ে যেতেন, আজ আইনের শাসনে সেই নেতাদেরই অভিযুক্ত হিসেবে থানার দরজায় হাজিরা দিতে হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, থানার বাইরে এদিন যেভাবে অভিষেককে লক্ষ্য করে স্লোগান উঠেছে, তা কেবল রাজনৈতিক বিক্ষোভ নয়, বরং বিগত ১৫ বছরের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে জমে থাকা জনরোষেরই বহিঃপ্রকাশ।
এদিন গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার ঠিক আগে নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পুরনো ভিডিও সংকলন পোস্ট করে বর্তমান শাসক দল বিজেপিকে নিশানা করেন অভিষেক। অতীতে বিজেপি নেতারা পুলিশকে নিয়ে কী বলেছিলেন, তা তুলে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন তিনি। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, নিজের অপরাধ ঢাকতে এবং তদন্তের অভিমুখ ঘোরাতেই থানায় ঢোকার আগে সোশ্যাল মিডিয়ায় ‘ভিক্টিম কার্ড’ খেলার চেষ্টা করেছেন সাংসদ। কিন্তু থানার বাইরে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের তীব্র বিক্ষোভ বুঝিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর মাঠের বাস্তবতা বদলানো যাবে না।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ২০২৬ সংবাদমাধ্যমের সামনে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাসহ একাধিক পুলিশ আধিকারিকের নাম উল্লেখ করে হুঁশিয়ারির সুরে অভিষেক বলেছিলেন, ভবিষ্যতে সরকার বদলালে তাঁদের দেখে নেওয়া হবে ও বিচারের মুখোমুখি করা হবে। এই মন্তব্যের জেরে গত ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সরকারি কাজে বাধা ও পুলিশকে হুমকি দেওয়ার সেই মামলাতেই আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কলকাতা পুলিশ।
