প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনীতিতে প্রবাদ আছে—ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে গেলেই নাকি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে! রাজ্য পুলিশে রুটিন রদবদলের অঙ্গ হিসেবে ডায়মন্ড হারবার থানার আইসি (IC) এবং এসডিপিও (SDPO)-কে বদলি করার পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ‘ষড়যন্ত্র’ এবং ‘অদৃশ্য নজরের’ তত্ত্ব খাড়া করে পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন, তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখন তীব্র শোরগোল। প্রশ্ন উঠছে, যে ডায়মন্ড হারবার একসময় শাসক শিবিরের ‘অভেদ্য দুর্গ’ বলে পরিচিত ছিল, সেখানে প্রশাসনিক রদবদল হতেই কি তবে মাটি সরে যাওয়ার আশঙ্কায় ভুগছেন তৃণমূলের ‘সেনাপতি’?
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাজ্য পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বড় পরিবর্তন আনা হয়েছে। ডায়মন্ড হারবার থানার এতদিনের আইসি প্রসেনজিৎ করকে সরিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা গোয়েন্দা বিভাগে (DIB) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সঞ্জয় দে (যিনি দুর্নীতি দমন শাখায় কর্মরত ছিলেন)। একইসঙ্গে ডায়মন্ড হারবারের এসডিপিও (SDPO) পদেও পরিবর্তন এনেছে নবান্ন। এই বদলির নির্দেশিকা সামনে আসতেই শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তীব্র ক্ষোভ উগরে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ১ কোটি টাকার বেশি নগদ উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি পুলিশকে নিশানা করে প্রশ্ন তোলেন, “হঠাৎ ডায়মন্ড হারবার থানার আইসিকে বদলি করা হলো কেন? মিথ্যা প্রমাণ সাজিয়ে একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই কি শাস্তি হিসেবে এই তড়িঘড়ি বদলি?” শুধু তাই নয়, পুলিশ আধিকারিকদের উদ্দেশে তাঁর প্রচ্ছন্ন হুঁশিয়ারি—”মনে রাখবেন, অনেক কিছুই হয়তো আড়ালে ঘটে, কিন্তু সবকিছু আড়ালে থাকে না। অদৃশ্য নজর সর্বত্র রয়েছে। ক্ষমতার সমীকরণ বদলায়, রাজনৈতিক প্রভুরাও বদলে যান। সময় থাকতে সতর্ক হোন।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ‘ষড়যন্ত্র তত্ত্ব’ এবং পুলিশকে দেওয়া হুঁশিয়ারি সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশ এবং বিরোধী শিবিরের তরফে বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যে পালাবদলের আগে টানা দেড় দশক যে পুলিশ প্রশাসনকে বিরোধীরা ‘দলীয় ক্যাডার’ বলে অভিযোগ করত, আজ সেই পুলিশের রুটিন বদলিতেই কেন ‘ষড়যন্ত্র’ দেখতে পাচ্ছেন অভিষেক? অভিজ্ঞ মহলের কটাক্ষ, নিজের খাসতালুকে প্রশাসনিক রদবদল হতেই কি তবে আইনের শাসনের কথা মনে পড়ল? প্রশাসনিক মহলের একাংশের মতে, একজন সাংসদ হয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশে ‘রাজনৈতিক প্রভু বদলে যায়, সময় থাকতে সতর্ক হোন’—এই ধরনের ভাষা ব্যবহার করা কার্যত প্রশাসনকে ভয় দেখানোর নামান্তর। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এটা কি তবে গণতান্ত্রিক শিষ্টাচার, নাকি ক্ষমতা হারানোর তীব্র হতাশার বহিঃপ্রকাশ? বিরোধী শিবিরের কটাক্ষ, দলীয় কার্যালয় থেকে কোটি টাকার বেশি নগদ উদ্ধারের মতো গুরুতর ঘটনার তদন্ত থেকে নজর ঘোরাতেই কি এখন পুলিশের ওপর দায় চাপিয়ে ‘ভিকটিম কার্ড’ খেলার চেষ্টা চলছে?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডায়মন্ড হারবার মডেল নিয়ে এমনিতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অতি-সক্রিয়তা আদতে তাঁর অন্দরের অস্বস্তিই প্রকাশ্যে এনে দিলো। ওয়াকিবহাল মহলের মতে, ‘অদৃশ্য নজর’-এর কথা বলে পুলিশকে চাপে রাখার যে কৌশল নেওয়া হচ্ছে, তা বর্তমান প্রশাসনের কাছে কতটা ধোপে টিকবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বরং বারবার এমন মন্তব্য করে সাংসদ নিজেই নিজের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করে ফেলছেন কি না—রাজনীতির অলিন্দে এখন ঘুরপাক খাচ্ছে সেই লাখ টাকার প্রশ্ন।
