প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-‘মেসি-কাণ্ডে’ সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হলো আলিপুর জাজেস কোর্টে। থানা থেকে বেরিয়ে আদালতে পৌঁছাতেই আইনজীবীদের নজিরবিহীন ক্ষোভ ও ডিম-বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্ষুব্ধ আইনজীবীরা চেম্বার ঘেরাও করে ‘চোর চোর’ এবং ‘মেসি মেসি’ স্লোগান দেওয়ায় আদালত চত্বরে এই মুহূর্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
অরূপ বিশ্বাসের আদালতে আসার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। তাঁরা হাতে ডিম নিয়ে ওই চেম্বারের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনার পারদ এতটাই চড়ে যে, বিক্ষোভকারীরা বন্ধ দরজায় লাথি মারেন এবং চেম্বারের একটি জানালার কাচ ভেঙে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘরের সব জানালা-কপাট বন্ধ করে ভেতরেই আটকে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। বিক্ষোভকারী আইনজীবীরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি গত বছরের ফুটবল ইভেন্টের রেশ টেনে তীব্র কটাক্ষ করে ‘মেসি মেসি’ এবং ‘মেসিকে দেখতে এসেছি’ বলে স্লোগান দিতে থাকেন।
২০২৩ সালের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২২,০০০ কমপ্লিমেন্টারি টিকিট ও ভিআইপি পাস জোরপূর্বক আদায় এবং কালোবাজারির অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন। এছাড়া, অনুষ্ঠান চলাকালীন প্রোটোকল ভেঙে ফুটবল তারকা মেসির কোমর জড়িয়ে ধরার ঘটনায় কলকাতা হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করেছিল।
কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তের জন্য SIT গঠনের নির্দেশ দিয়েছে। হাইকোর্ট অরূপ বিশ্বাসকে গ্রেফতারি বা কোনো কঠোর পদক্ষেপের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা দিলেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। আজ হাজিরা দেওয়ার পর আগামী ২২শে জুন তাঁকে পুনরায় তলব করা হয়েছে।
আলিপুর আদালত চত্বরে এই মুহূর্তে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্ষুব্ধ আইনজীবীদের শান্ত করে প্রাক্তন মন্ত্রীকে নিরাপদে আদালত চত্বর থেকে বের করে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।
