Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মেসিকাণ্ডে আজই শেষ হচ্ছে ডেডলাইন! হাইকোর্টের কড়া নির্দেশের পর কি পুলিশের মুখোমুখি হবেন অরূপ বিশ্বাস?

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার মামলায় ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা (Deadline) শেষ হচ্ছে আজ, সোমবার। আদালতের নির্দেশের পর আজ প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের মুখোমুখি হন কি না, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।

পরপর দু’বার সমন এড়ানোর পর আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। গত বুধবার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। আদালত স্পষ্ট জানায়, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ (যেমন গ্রেফতার) করা যাবে না, তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা এবং সশরীরে হাজিরা দেওয়া বাধ্যতামূলক। একই সাথে তাঁর পাসপোর্ট জমা রাখার এবং আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশ মেনে গত শনিবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাসভবনে গিয়ে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে নতুন নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে। আজই সেই মেয়াদের শেষ দিন। পুলিশ সূত্রে দাবি, সোমবার সকাল পর্যন্ত প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের সাথে যোগাযোগ বা হাজিরা দেননি।

২০২৫ সালের ডিসেম্বর মাসে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে টিকিট কেলেঙ্কারি ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত জামিনে মুক্ত হওয়ার পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তৎকালীন ক্রীড়ামন্ত্রীর অনুগামীদের একাংশের অব্যবস্থাপনার জেরেই অনুষ্ঠানটি বিঘ্নিত হয়। যদিও এই সমস্ত অভিযোগই এখনও আদালত ও তদন্ত সাপেক্ষ।

Exit mobile version