Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দুই দশকের দুর্গে বড়সড় ফাটল! মেয়াদ শেষের ৩ মাস আগেই ভাঙছে বারুইপুর পুরসভার তৃণমূল বোর্ড—আর্থিক সংকট নাকি তদন্তের ভয়?

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ প্রায় দুই দশক ধরে যে পুরসভা ছিল তৃণমূলের অপ্রতিরোধ্য দুর্গ, রাজ্যে পালাবদলের মাত্র সাড়ে ছ’মাসের মাথায় সেই দুর্গেই এবার নামল বড়সড় ধস! মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই বারুইপুর পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন খোদ পুরপ্রধান শক্তি রায়চৌধুরী। মঙ্গলবার পুরভবনে কাউন্সিলরদের নিয়ে একটি জরুরি বৈঠকের পর এই নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ১৭টি ওয়ার্ডের প্রতিটিতেই তৃণমূলের কাউন্সিলর থাকা সত্ত্বেও কেন মেয়াদ শেষের আগেই ক্ষমতা ছাড়ার পথে হাঁটতে হলো বোর্ডকে? পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের দাবি, আর্থিক অসহযোগিতা ও একের পর এক ‘মিথ্যা মামলা’র জেরে পুরসভা চালানো অসম্ভব হয়ে পড়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, বিগত দিনের পাহাড়প্রমাণ দুর্নীতি এবং সিআইডি তদন্তের হাত থেকে বাঁচতেই তড়িঘড়ি সরে দাঁড়ানোর পথ বেছে নিয়েছেন তৃণমূলের পুর-প্রতিনিধিরা।

মঙ্গলবার পুরভবনে আয়োজিত বৈঠকে পুরপ্রধান শক্তি রায়চৌধুরী এবং উপ-পুরপ্রধান গৌতমকুমার দাস সহ মোট ১৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বাকি তিনজন কাউন্সিলর শারীরিক ও ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকলেও তাঁরা এই সিদ্ধান্তের সাথে সহমত বলে দাবি করা হয়েছে। বৈঠক শেষে পুরপ্রধান শক্তি রায়চৌধুরী জানান, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পুরসভা। পর্যাপ্ত অর্থের অভাবে পুরকর্মীদের নিয়মিত বেতন দেওয়া বা রাস্তাঘাট ও নিকাশির মতো নিত্যপ্রয়োজনীয় নাগরিক পরিষেবা দেওয়া কার্যত কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই দলের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করে চলতি পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বারুইপুরের মহকুমা শাসকের (SDO) কাছে সকলের ইস্তফাপত্র জমা দেওয়া হবে।

উপ-পুরপ্রধান গৌতমকুমার দাস অভিযোগ করেছেন, প্রশাসনিক সমন্বয়ের অভাবের পাশাপাশি একের পর এক মামলায় জর্জরিত করে রাখা হয়েছে পুর-প্রতিনিধিদের। তবে তৃণমূল পরিচালিত বোর্ডের এই ‘অসহায়তা’র তত্ত্বকে সরাসরি কটাক্ষ করেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই বারুইপুর পুরসভার বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এমনকি ভুয়ো মৃত্যু-শংসাপত্র ইস্যু করার অভিযোগে এই পুরসভার দুই কাউন্সিলর গ্রেফতারও হয়েছেন। আদালতের নির্দেশে কয়েকজন কাউন্সিলরের এলাকায় প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা রয়েছে বলে খবর। বারুইপুর নগর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী কটাক্ষ করে বলেন, পুর-প্রতিনিধিদের অধিকাংশই ব্যাপক দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু হয়েছে। জনরোষ এবং আইনি পদক্ষেপের ভয়েই এখন ‘আর্থিক সংকট’-এর অজুহাত খাড়া করে সরে দাঁড়াচ্ছেন তাঁরা।

২০০৫ সাল থেকে একটানা বারুইপুর পুরসভা তৃণমূলের দখলে ছিল। ২০২২ সালের পুরভোটে ১৭টি আসনের সবকটিতেই জিতে বিরোধীশূন্য বোর্ড গড়েছিল তাঁরা। এবার মেয়াদ শেষের তিন মাস আগেই পুরবোর্ড পদত্যাগ করলে পুর আইন অনুযায়ী আগামী নির্বাচনের আগে পর্যন্ত পুরসভার দায়িত্ব যাবে সরকারি প্রশাসকের (Administrator) হাতে। দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে বারুইপুর পুরবোর্ডের এই অকাল পতন আগামী দিনে শাসক-বিরোধী সমীকরণে বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Exit mobile version