Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আইনের শাসনে ‘বিশেষ ছাড়’ নেই কারও! কালীঘাটে দমকলের নোটিস—নিজের তৈরি নিয়মের জালেই কি আজ বন্দি মমতা-তৃণমূল?

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সময় বদলেছে, বদলেছে বাংলার রাজনৈতিক সমীকরণও। একসময় যে কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দরজায় প্রশাসনের তাবড় কর্তারা নতমস্তকে দাঁড়িয়ে থাকতেন, মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই সরকারি নোটিস হাতে পৌঁছে গেলেন দমকল বিভাগের আধিকারিকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন তথা তৃণমূলের নথিভুক্ত দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হলো সরকারি চিঠি। আর এই ঘটনাকে ঘিরেই এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
তৃণমূল শিবির বরাবরের মতোই এই ঘটনায় ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘হেনস্থা’র তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন উঠছে—অগ্নিসুরক্ষা বিধি মেনে চলা কি কেবল সাধারণ মানুষের দায়? রাজ্যের প্রাক্তন প্রশাসনিক প্রধানের দলের কার্যালয় হলেই কি সমস্ত নিয়মকানুন শিথিল হয়ে যাবে?

দীর্ঘ পনেরো বছর রাজ্যের প্রশাসনিক শীর্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় নবান্ন থেকে শুরু করে শহরের বহুতল—সর্বত্র অগ্নিনির্বাপণ বিধি নিয়ে কড়াকড়ির কথা শোনা যেত তাঁর মুখেই। অথচ আজ যখন সেই একই অগ্নিসুরক্ষা বিধির প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৯এ ক্যামাক স্ট্রিটের হাই-প্রোফাইল দফতর নিয়ে প্রশ্ন উঠছে, তখন কেন এত অস্বস্তি? তথ্য বলছে, অগ্নিনির্বাপণ বিধিতে ঘাটতি থাকার কারণেই ক্যামাক স্ট্রিটের ওই দফতর বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল দমকল বিভাগ। দমকলের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃণমূলের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু আদালত দমকলের পরিদর্শনের অধিকারকে খারিজ করেনি। বরং মহামান্য হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়: পরিদর্শনের আগে দমকল বিভাগকে আগাম নোটিস দিতে হবে। নোটিসে পরিদর্শনের নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ থাকতে হবে। পরিদর্শনের পর অগ্নিসুরক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা দমকল জানাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা মানতে হবে। অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে দমকল আধিকারিকদের যাওয়া কোনো ‘অতিসক্রিয়তা’ নয়, বরং কলকাতা হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করারই একটি আইনি প্রক্রিয়া।

কালীঘাট তৃণমূলের তরফে নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং দলের আইনজীবী অর্ক নাগ এই নোটিস গ্রহণ করেন। যেহেতু ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানাতেই তৃণমূলের নথিভুক্ত দলীয় কার্যালয় রয়েছে, তাই আইন মেনেই সেখানে নোটিস পৌঁছে দেওয়া হয়েছে। অথচ নোটিস পাওয়ার পরেই দলের আইনজীবী অর্ক নাগ দমকলের বিরুদ্ধে ‘হেনস্থা’র অভিযোগ তুলেছেন। প্রবীণ সাংসদ সৌগত রায়ও ক্যামাক স্ট্রিটের অফিস সংক্রান্ত নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতা হারানোর পর তৃণমূল নেতৃত্ব এখনো ‘আইনের ঊর্ধ্বে’ থাকার মানসিকতা কাটিয়ে উঠতে পারেননি। বিগত জমানায় বিরোধী দলগুলোর কর্মসূচি বা কার্যালয় নিয়ে প্রশাসনিক কড়াকড়ি যখন চরমে থাকত, তখন তা ছিল ‘আইনশৃঙ্খলা রক্ষা’। আর আজ আদালতের নির্দেশ মেনে দমকল বিভাগ যখন অগ্নিসুরক্ষার মতো জরুরি বিষয়ে নোটিস দিচ্ছে, তখন সেটাই হয়ে যাচ্ছে ‘হেনস্থা’!

আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার দমকল আধিকারিকরা ক্যামাক স্ট্রিটের ওই দফতর পরিদর্শনে যাবেন। একদিকে বিলবোর্ড বিতর্ক, অন্যদিকে ফায়ার সেফটি—একটার পর একটা নিয়মভঙ্গের অভিযোগে রীতিমতো ব্যাকফুটে শাসক থেকে বিরোধী বনে যাওয়া তৃণমূল। বৃহস্পতিবারের পরিদর্শনে ক্যামাক স্ট্রিটের দফতরের অন্দরে অগ্নিসুরক্ষার কী হাল ধরা পড়ে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Exit mobile version