প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনীতিতে কিছু নেতা আছেন, যাঁদের রাজনৈতিক আদর্শটা ঠিক সূর্যমুখী ফুলের মতো—যেদিকে ক্ষমতার সূর্য ওঠে, তাঁরা ঠিক সেই দিকেই মুখ ঘুরিয়ে নেন! রাজ্যে ২০২৬-এর ঐতিহাসিক পালাবদলের পর থেকেই জেলায় জেলায় এমন ‘বসন্তের কোকিল’দের আনাগোনা শুরু হয়েছে। আর সেই তালিকায় এবার সগৌরবে নিজের নাম লেখালেন মালদার প্রাক্তন মন্ত্রী এবং ইংরেজবাজারের প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর জন্মদিন উপলক্ষে কৃষ্ণেন্দুবাবুর একটি ফেসবুক পোস্ট এবং তার পরের ‘ভোলবদল’-এর ব্যাখ্যা শুনে রীতিমতো হাসির রোল উঠেছে মালদার রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে—কংগ্রেস থেকে তৃণমূল হয়ে এতদিন ক্ষমতার মধু খাওয়ার পর, রাজ্যে বিজেপি সরকার আসতেই হঠাৎ করে ৩১ বছর আগের আডবাণী-স্মৃতি আর ছোটবেলার ‘আরএসএস’ যোগের কথা মনে পড়ে গেল কেন?
গত ৮ নভেম্বর লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ১৯৯৫ সালের এক পুরনো ছবি ও স্মৃতি পোস্ট করে কৃষ্ণেন্দু জানান, তৎকালীন চেয়ারম্যান হিসেবে তিনি আডবাণীজিকে সম্বর্ধনা দিয়েছিলেন। পোস্টটি ঘিরে জলঘোলা হতেই তিনি সাংবাদিকদের সামনে যে সাফাই দিলেন, তা শুনলে যেকোনো পোড়খাওয়া রাজনৈতিক বিশ্লেষকও ভিরমি খাবেন! কৃষ্ণেন্দুর দাবি, “ছোটবেলায় আরএসএস (RSS)-এর সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম।” রাজনৈতিক মহলের একাংশের কড়া প্রশ্ন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যিনি তৃণমূলের ছত্রছায়ায় থেকে মন্ত্রী হলেন, পুরসভার চেয়ারম্যানের কুর্সি সামলালেন, এবং বিজেপিকে ‘বহিরাগত’ ও ‘সাম্প্রদায়িক’ বলে আক্রমণ শানাতে পিছপা হননি—তাঁর সেই ‘৮ বছরের আরএসএস শিক্ষা’ এতদিন কোথায় ঘুমিয়ে ছিল? রাজ্যে তৃণমূল ক্ষমতা হারাতেই কি তবে রাতারাতি গেরুয়া শিবিরের প্রতি তাঁর ‘ভক্তি’ উথলে উঠল?
ওয়াকিবহাল মহলের মতে, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর এই হঠাৎ ‘হৃদয় পরিবর্তন’ মোটেই নিছক সৌজন্য নয়, বরং এর পেছনে রয়েছে নিখুঁত ক্ষমতার অঙ্ক। সামনেই রাজ্যের পুরসভা নির্বাচন। সম্প্রতি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। রাজ্যে এখন বিজেপির সরকার। তাই পুরনো দুর্নীতির অভিযোগ বা রাজনৈতিক অস্তিত্ব সংকট থেকে বাঁচতেই কি তিনি এখন গেরুয়া শিবিরের দরজায় কড়া নাড়ছেন? স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, যাঁরা ক্ষমতায় থাকেন, কৃষ্ণেন্দুবাবু চিরকাল তাঁদেরই লোক। আগে কংগ্রেস, তারপর তৃণমূল, আর এখন রাজ্যে বিজেপি আসতেই তাঁর ‘শ্যামাপ্রসাদ প্রীতি’ ও ‘সংঘ-স্মৃতি’ জেগে উঠেছে। আদর্শের বালাই না রেখে কেবল ক্ষমতার অলিন্দে টিকে থাকার এই মরিয়া চেষ্টাকে ‘চরম রাজনৈতিক সুবিধাবাদ’ বলেই দেগে দিচ্ছেন সমালোচকরা।
তবে কৃষ্ণেন্দুবাবু যতই গেরুয়া শিবিরে ঢোকার জন্য পটভূমি তৈরি করুন না কেন, মালদার আদি বিজেপি নেতৃত্ব কিন্তু তাঁকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানাতে মোটেই রাজি নন। বিজেপি নেতৃত্ব কটাক্ষের সুরে ধুয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রীকে। তাঁদের সাফ কথা, “আমাদের জ্ঞানত জানা নেই যে উনি কোনোদিন সংঘ বা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সত্যযুগে অনেক সময় রত্নাকর বাল্মীকি হয়েছে।” অর্থাৎ, রত্নাকর ডাকাতের উপমা টেনে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিলেন, কৃষ্ণেন্দুবাবুর অতীতের রাজনৈতিক ট্র্যাক রেকর্ড নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে যথেষ্ট অ্যালার্জি রয়েছে। সব মিলিয়ে, একদিকে শমীক ভট্টাচার্য যখন দলের দরজায় ‘দলবদলু’দের রুখতে কড়া পাহারা বসাচ্ছেন, ঠিক তখনই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর এই ‘আরএসএস-তাস’ আদৌ কাজে লাগে কি না, নাকি দুই নৌকায় পা দিতে গিয়ে তিনি মাঝনদীতে ডুবেন—সেটাই এখন দেখার।
