Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বারুইপুরকাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে কলকাতার রাজপথে মমতা, মোমবাতি হাতে নামল তৃণমূলের বিশাল মিছিল!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা নির্যাতন ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার সরাসরি কলকাতার রাজপথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তীব্র ক্ষোভ উগরে দিয়ে, হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে একটি বিশাল প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেন তিনি।এদিন বিকেলে কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকেই এই প্রতিবাদী কর্মসূচির সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মিছিলে তাঁর সঙ্গে পা মেলান দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং হাজার হাজার কর্মী-সমর্থক।

হরিশ চ্যাটার্জী স্ট্রিটের মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ব্যারিকেড ঘিরে কিছু সময় উত্তেজনা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলেও, সমস্ত বাধা উপেক্ষা করে মিছিলটি কালীঘাট রোড হয়ে হাজরা মোড়ের দিকে অগ্রসর হয়।মিছিল থেকে ক্রমাগত “জাস্টিস ফর বারুইপুর” স্লোগান তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজই তৃণমূলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বারুইপুরে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করার পরপরই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাস্তায় নেমে প্রতিবাদ রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

Exit mobile version