Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মেট্রোপলিটনে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ের দুটি ফ্লোরে ঝুলল তালা, চুক্তি ভঙ্গের গুরুতর অভিযোগ বাড়িওয়ালার!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটনের অস্থায়ী তৃণমূল ভবনে তীব্র চাঞ্চল্য। চুক্তির বাইরে থাকা ৩ ও ৪ তলার দুটি ফ্লোর জোরপূর্বক ব্যবহারের অভিযোগে সেগুলিতে তালা ঝুলিয়ে দিল বাড়ির মালিকপক্ষ। শুধু তাই নয়, ঘরের ভেতরে থাকা আসবাবপত্রও বাইরে বের করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।

বাড়ির মালিক মনোতোষ সাহা ও তাঁর পরিবারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সাথে ভবনটির কেবল দুটি ফ্লোর ব্যবহারের চুক্তি ছিল। কিন্তু চুক্তি বহির্ভূতভাবে ৩ এবং ৪ তলাও ব্যবহার করা হচ্ছিল। মালিকপক্ষের দাবি, চুক্তির মেয়াদ ২০২৩ সালের শেষেই শেষ হয়ে গিয়েছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও ঘর খালি না করায়, অবশেষে তাঁরা স্বউদ্যোগে ৩ ও ৪ তলার ঘরে তালা লাগিয়ে দেন এবং আসবাবপত্র সরিয়ে দেন। বাকি ফ্লোর দুটিও যাতে দ্রুত খালি করা হয়, সেই উদ্দেশ্যে প্রগতি ময়দান থানায় ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বাড়ির মালিকপক্ষ। তাঁরা আইনানুগভাবেই পুরো বহুতলটি দখলমুক্ত করতে চান।

২০২২ সালে তিলজলার মূল দলীয় কার্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার পর এই ভবনটি অস্থায়ী কার্যালয় হিসেবে নেওয়া হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, “আইনের শাসন সবার জন্য সমান। চুক্তি শেষ হয়ে যাওয়ার পর জোর করে কারও সম্পত্তি আটকে রাখা যায় না। সাধারণ মানুষ এখন আইন ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন।”

(এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে)

Exit mobile version