প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলায় আইনি রক্ষাকবচ পেতে কলকাতার আলিপুর জেলা আদালতের দ্বারস্থ হলেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন (Anticipatory Bail Application) জমা দেন। তবে আদালত চত্বরে ঢোকার মুখে তাঁকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সেখানে উপস্থিত জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন, যা নিয়ে আদালত চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় ও আদালত সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন পরবর্তী সময়ে কলকাতার পঞ্চসায়র (১০৯ নম্বর ওয়ার্ড) এলাকায় ভারতীয় জনতা পার্টির (BJP) কর্মীদের মারধর এবং ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে।উক্ত ঘটনার প্রেক্ষিতেই বিদায়ী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতারি এড়াতে তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।
এদিন জামিনের আবেদন করতে অনন্যা বন্দ্যোপাধ্যায় যখন আলিপুর কোর্টে পৌঁছান, তখন সেখানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গাড়ি থেকে নামামাত্রই আদালতের গেটের মুখে তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া শুরু হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এই মামলার পরবর্তী আইনি পদক্ষেপ এবং শুনানির দিকেই এখন নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
