প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২১ জুলাইয়ের মঞ্চ মানেই সাধারণ মানুষের চোখের সামনে ভেসে ওঠে বিশাল জনজোয়ার, রাজনৈতিক ঝাঁঝালো বক্তৃতা এবং টলিউডের প্রথম সারির তারকা-সেলিব্রিটিদের মেলা। তবে ২০২৬ সালের একুশে জুলাইতে সেই চিরপরিচিত চেনা ছবি সম্পূর্ণ বদলে যেতে চলেছে। এবার আর কোনও রকম জাঁকজমক বা বিনোদন নয়, রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের মাঝে ২১ জুলাইয়ের সমাবেশকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন এবং নজিরবিহীন এক বার্তা দিলেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের প্রধান মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আসন্ন ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় ঋতব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের শহিদ দিবস হতে চলেছে সম্পূর্ণ ‘চমকহীন’। রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান স্পষ্ট করে বিধানসভার বিরোধী দলনেতা সাফ বলেন, “২১ জুলাইয়ের পবিত্র মঞ্চ কোনও বিনোদনের জায়গা নয়। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং চোখের জলে শহিদদের স্মরণ করার এই বিশেষ দিনে কোনও রকম সস্তা চমকের জায়গা আমরা দেব না।”
এখানেই শেষ নয়, তৃণমূলের অন্য শিবিরের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি একগুচ্ছ কড়া নিয়ম ঘোষণা করেছেন। ঋতব্রত জানান, এবার মেয়ো রোডে (গান্ধী মূর্তির পাদদেশে) আয়োজিত সমাবেশের সামনের সারিতে কোনও প্রভাবশালী রাজনৈতিক নেতা বা রুপোলি পর্দার সেলিব্রিটিদের দেখা যাবে না। সভার শুরুতেই মঞ্চের একদম প্রথম সারিতে জায়গা পাবেন শুধুমাত্র প্রকৃত শহিদ পরিবারের প্রতিনিধিরা। তথাকথিত কোনো টেলিভিশন বা সিরিয়াল আর্টিস্টদের এই সমাবেশে কোনো অংশ থাকবে না।দলের অন্য শিবিরের প্রতি কড়া বার্তা দিয়ে ঋতব্রত বলেন, “যাঁরা ভাবেন তাঁদের মাথার পিছন থেকে অলৌকিক জ্যোতি বেরোচ্ছে, সেই তথাকথিত অহংকারী নেতাদের আমাদের মঞ্চে কোনও স্থান নেই।” আগামী ২১ জুলাই বেলা ১২টায় শুরু হতে চলা এই স্মারক সমাবেশের সভাপতিত্ব করবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়।
রাজনৈতিক মহলের মতে, একুশের ঐতিহ্যবাহী ডিম-ভাত সংস্কৃতির অনুপস্থিতির পাশাপাশি মঞ্চ থেকে গ্ল্যামার ও সেলিব্রিটিদের ছেঁটে ফেলে ঋতব্রত শিবির আসলে প্রমাণ করতে চাইছে যে, তাঁরাই প্রকৃত শহিদদের প্রতি শ্রদ্ধাশীল। তবে তারকাদের ঝকমকানি ও বিনোদনহীন এই ‘চমকহীন’ শহিদ স্মরণ সমাবেশ সাধারণ কর্মীদের কতটা টানে, তা দেখার জন্য এখন নজর থাকবে মেয়ো রোডের দিকে।
