প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মহানায়ক উত্তমকুমারের স্মৃতিকে চিরস্থায়ী করতে এবং বাংলা চলচ্চিত্রের গবেষণাকে এক আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে এক বিশাল মেগা প্রকল্পের ঘোষণা করল নবান্ন। মহানায়কের জন্মশতবর্ষের ঐতিহাসিক মঞ্চ থেকে নিউ টাউনে একটি বিশ্বমানের ফিল্ম সেন্টার গড়ে তোলার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মেগা প্রকল্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক পর্বে ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নন্দনের জমকালো অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, আজ শুক্রবার সকালেই তিনি নিজে রাজারহাটের নিউ টাউনে প্রস্তাবিত এই ‘উত্তমকুমার জন্মশতবার্ষিকী ফিল্ম সেন্টার’-এর শিলান্যাস ও ভূমিপূজন সম্পন্ন করবেন।
নবান্ন এবং তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে, এই ফিল্ম সেন্টারটি কেবল একটি সাধারণ ভবন হবে না, বরং একে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র গবেষণা কেন্দ্র বা ফিল্ম হাব হিসেবে গড়ে তোলা হবে। এর মূল আকর্ষণগুলি হলো, একটি অত্যাধুনিক ডিজিটাল আর্কাইভ ও মিউজিয়াম, যেখানে মহানায়কের ব্যবহৃত জিনিসপত্র, পোশাক এবং ছবির দুষ্প্রাপ্য স্ক্রিপ্ট ও রিল সংরক্ষণ করা হবে। তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের সিনেমা পরিচালকদের জন্য বিশ্বমানের এডিটিং স্যুট এবং সাউন্ড ডাবিং স্টুডিও। চলচ্চিত্র নিয়ে পড়াশোনা ও গবেষণার জন্য একটি বিশাল লাইব্রেরি ও সেমিনার হল।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় স্পষ্ট করেন যে, বর্তমান রাজ্য সরকার বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে বদ্ধপরিকর। নিউ টাউনের এই ফিল্ম সেন্টারটি আগামী দিনে টলিউডের পাশাপাশি গোটা দেশের চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের মূল আকর্ষণ হয়ে উঠবে। মহানায়কের ১০০তম জন্মবার্ষিকীতে নবান্নের এই ২৫ কোটি টাকার উপহারকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে স্টুডিও পাড়ার তিন প্রজন্মের পরিচালক ও অভিনেতারা।
