প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির একাংশের বিরুদ্ধে ওঠা বিক্ষিপ্ত তোলাবাজির অভিযোগ নিয়ে আজ যাঁরা সবচেয়ে বেশি গলা ফাটাচ্ছেন, সেই তৃণমূল কংগ্রেস শিবির কি নিজেদের ১৫ বছরের শাসনকালের ইতিহাসটা বেমালুম ভুলে গিয়েছে? নাকি সাধারণ মানুষের স্মৃতিশক্তিকে দুর্বল ভেবে পুরনো পাপ ঢাকার চেষ্টা চলছে? বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে এখন এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আজ বিজেপির মন্ত্রী-বিধায়করা রাস্তায় নেমে মাইক হাতে তোলাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন, অভিযুক্তদের জেলে পাঠানোর কথা বলছেন। কিন্তু বিগত তৃণমূল জমানায় ছবিটা ঠিক কেমন ছিল? তখন কি তোলাবাজি বা কাটমানিকে শাসক দলের অন্দরেই একপ্রকার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দেওয়া হয়নি?
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর শাসনকালে বারবার প্রকাশ্য মঞ্চ থেকে “কাটমানি ফেরত দিন”, “বিত্তবান নয়, বিবেকবান চাই” কিংবা “অ্যাকশন নেব”-এর মতো গালভরা প্রতিশ্রুতি দিতে শোনা গিয়েছিল। কিন্তু রাজনৈতিক মহলের মতে, সেই সব হুঁশিয়ারি ছিল নিছকই লোকদেখানো এবং আইওয়াশ। বাস্তবে দেখা গিয়েছিল, যে নেতাদের বিরুদ্ধে কাটমানি বা তোলাবাজির অভিযোগ উঠেছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর অস্ত— বরং বহু ক্ষেত্রে তাঁদের পদোন্নতি হয়েছিল! তৃণমূল আমলে তোলাবাজি ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল, তা বোঝার জন্য বিরোধীদের কোনো প্রমাণের প্রয়োজন হয়নি— খোদ তৎকালীন শাসক দলের সাংসদ দোলা সেনের মন্তব্যই ছিল যথেষ্ট। “চার আনা আপনাদের কাছে রেখে, বারো আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেব”— প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তাঁর এই বক্তব্য প্রমাণ করে দিয়েছিল যে, তোলাবাজির টাকা কীভাবে নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত ভাগ-বাটোয়ারা হতো! রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল জমানায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল সিন্ডিকেট-রাজ, বালি-কয়লা-পাথর খাদানের বেআইনি কারবার এবং সরকারি প্রকল্পের টাকা লুটের ঘটনায়। শুধু স্থানীয় স্তরে তোলাবাজিই নয়— শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, গরু ও কয়লা পাচারের মতো নজিরবিহীন দুর্নীতিতে তৎকালীন মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট সদস্য এবং শীর্ষ নেতাদের জেলযাত্রা বাংলার মাথা হেঁট করে দিয়েছিল।
ওয়াকিবহাল মহলের মতে, আজ যখন বর্তমান শাসক দল বিজেপির একাংশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল নেতারা নীতিবাক্য শোনাচ্ছেন, তখন তা রীতিমতো হাস্যকর শোনাচ্ছে। কারণ, যে ভয়াবহ দুর্নীতি, পঞ্চায়েত ভোটের সন্ত্রাস এবং প্রাতিষ্ঠানিক তোলাবাজির সংস্কৃতি তৃণমূল আমলে তৈরি হয়েছিল, তারই বিষফল আজও বাংলাকে বয়ে বেড়াতে হচ্ছে। বিশ্লেষকদের স্পষ্ট বক্তব্য— বর্তমান বিজেপি সরকার অবশ্যই তাদের দলের আগাছাগুলোকে কঠোর হাতে উপড়ে ফেলবে, এটাই মানুষের প্রত্যাশা। কিন্তু তার আগে বিগত ১৫ বছরের অপশাসন ও সীমাহীন দুর্নীতির দায় ঝেড়ে ফেলে তৃণমূল শিবিরের আজকের এই ‘সাধু সাজার’ চেষ্টা বাংলার মানুষ যে কোনোভাবেই মেনে নেবে না, তা বলাই বাহুল্য।
