প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা দাবি এবং সিন্ডিকেট রাজের মামলায় আরও বড় আইনি বিপাকে জড়ালেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী. আজ, ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) বারাসাত আদালতে দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার একটি অত্যন্ত জোরালো ও দ্বিতীয় চার্জশিট পেশ করল বাগুইআটি থানার পুলিশ। এই চার্জশিটে পুলিশের হাতে আসা একাধিক সুনির্দিষ্ট প্রমাণ এবং ব্যবসায়ীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। বাগুইআটি থানায় দায়ের হওয়া এফআইআর (FIR) এবং পুলিশি তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ভিআইপি (VIP) রোডের পাশে একটি পুরনো বহুতল বা বিল্ডিং ভাঙাকে কেন্দ্র করে। লিলুয়ার এক ব্যবসায়ী ওই বিল্ডিংটি ভেঙে তার ভেতরের লোহা লক্কড় ও সামগ্রী কেনার আইনি বরাত পেয়েছিলেন। ব্যবসায়ীর অভিযোগ, তিনি কাজ শুরু করতেই তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর অনুগামীরা এসে কাজ বন্ধ করে দেয় এবং ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা দাবি করে. তোলা না দিলে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুমকি দেওয়া হয়।
অভিযোগকারী ব্যবসায়ী পুলিশকে জানান, প্রাণভয়ে এবং ব্যবসা বাঁচানোর তাগিদে তিনি প্রথম দফায় দুই কিস্তিতে মোট ৫০ লক্ষ টাকা দেবরাজ চক্রবর্তীকে দিতে বাধ্য হন। কিন্তু এরপরেও বাকি ৭৫ লক্ষ টাকার জন্য লাগাতার চাপ সৃষ্টি করা হতে থাকে। ব্যবসায়ী সেই টাকা জোগাড় করতে না পারায় দেবরাজের নির্দেশে তাঁর কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ী বাগুইআটি থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই নির্দিষ্ট মামলার ভিত্তিতেই ঘটনার তদন্তে নেমে আজ বারাসাত আদালতে এই ২৫৬ পাতার চার্জশিট দিল পুলিশ। এর আগে গত ৬ আগস্ট অন্য একটি তোলাবাজি মামলায় দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার প্রথম চার্জশিট দেওয়া হয়েছিল। নতুন এই দ্বিতীয় চার্জশিট জমা পড়ার ফলে দেবরাজের আইনি জটিলতা যে কয়েক গুণ বেড়ে গেল, তা স্পষ্ট।
