প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে এবার বড়সড় মাস্টারস্ট্রোক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল ডেবরায় আয়োজিত এক বিশাল জনসভা থেকে তিনি এমন এক ঘোষণা করেছেন, যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ৫ মের পর থেকে সাধারণ মানুষের পকেটে সরাসরি সরকারি অনুদান পৌঁছানো নিয়ে এক সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেন তিনি।

এদিন ডেবরায় নির্বাচনী প্রচার সেরে শাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই অর্থাৎ ৫ জুনের পর থেকে রাজ্যের বেকার যুবকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, বিজেপি সরকার ক্ষমতায় এলে বা প্রক্রিয়া শুরু হলে বেকাররা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। অমিত শাহের বক্তব্যে এদিন সবথেকে চমকপ্রদ বিষয় ছিল তাঁর উদার মনোভাব। তিনি বলেন, “ভোটের ফল বেরোনোর পর ৫ তারিখের পর বেকারদের তিন হাজার টাকা করে দেওয়া হবে। দিদির লোকেরাও সেই টাকা পাবেন।” অর্থাৎ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে রাজ্যের প্রতিটি যোগ্য বেকার যুবক এই প্রকল্পের আওতায় আসবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

শুধুমাত্র বেকার যুবকই নন, রাজ্যের অন্নদাতাদের জন্যও সুখবর শুনিয়েছেন শাহ। তিনি জানিয়েছেন, বেকার ভাতার পাশাপাশি কৃষকেরাও একইভাবে সরকারি আর্থিক সুবিধা পাবেন। দীর্ঘদিনের বঞ্চনা ঘুচিয়ে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়াই কেন্দ্রের লক্ষ্য বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অমিত শাহের এই ঘোষণা রাজ্যের বেকার এবং কৃষক ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে। একদিকে যখন বেকারত্ব রাজ্যের বড় ইস্যু, সেখানে ৩,০০০ টাকার মাসিক ভাতার প্রতিশ্রুতি এক বড় গেম-চেঞ্জার হতে পারে। জনসভা থেকে সরাসরি এই ঘোষণা করে শাহ প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন যে, ভোটের ফলের পরেই রাজ্যের অর্থনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তন আসতে চলেছে। এখন দেখার, ৫ তারিখের পর এই ঘোষণা ঠিক কতটা দ্রুত বাস্তবায়িত হয়। তবে শাহের এই ‘চমক’ যে বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তা বলাই বাহুল্য।