প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মেগা বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ লড়াই শেষ হয়ে রাজ্যে নতুন সরকার গঠিত হলেও বাংলা থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত এ রাজ্যে মোায়েত থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন ও সরকার গঠনের পর এত দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক আধাসেনা রেখে দেওয়ার এই পদক্ষেপকে সাম্প্রতিককালের অন্যতম বড় নজিরবিহীন সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজ্যের প্রতিটি কোণায় শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই মেগা প্ল্যান সাজানো হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই বাহিনী ধরে রাখার জন্য প্রশাসনের শীর্ষস্তর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছিল। রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়েই তড়িঘড়ি এই বিশাল বাহিনী ২০ জুন পর্যন্ত রেখে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে দিল্লি। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো রকম আপস বা ফাঁকফোকর রাখতে রাজি নয়, প্রশাসনের এই কঠোর পদক্ষেপেই তা পরিষ্কার।
ভোট মিটে গেলেও যাতে কোনোভাবেই রাজ্যের কোথাও নতুন করে উত্তেজনার আগুন না ছড়ায়, তার জন্য এই ৫০০ কোম্পানি আধাসেনাকে সম্পূর্ণ অ্যাক্টিভ মোডে রাখা হচ্ছে। প্রতিটি জেলার রাজনৈতিকভাবে উত্তপ্ত এবং স্পর্শকাতর এলাকাগুলোতে এই বাহিনীকে রুট মার্চ ও টহলদারির কাজে ব্যবহার করা হবে, যাতে কোনো দুষ্কৃতী মাথাচাড়া দিয়ে ওঠার সাহস না পায়। প্রশাসনের এই মাস্টারস্ট্রোকের পর আমজনতার মনে এখন একটাই ভরসা— অবশেষে বাংলায় আইনের শাসন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক দৃঢ় পদক্ষেপ নেওয়া হলো। আগামী ২০ জুন পর্যন্ত এই বিশাল বাহিনীর কড়া পাহারায় শান্ত থাকবে বাংলার মাটি।