প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বিভিন্ন সভা সমিতিতে বিজেপির পক্ষ থেকে এই স্লোগান তোলা হচ্ছে। আর প্রচারের ঝাঁঝকে একদম সপ্তমে পৌঁছে দিতে এবার রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যে শুরু হচ্ছে পরিবর্তন যাত্রা। যেখানে মার্চের ১ এবং ২ তারিখ থেকে এই পরিবর্তন যাত্রা বিভিন্ন জায়গা থেকে সূচিত হবে বলেই খবর। আর আজ রাজ্য বিজেপির প্রধান তিন মুখ, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠক থেকে সেই পরিবর্তন যাত্রাকে সফল করবার জন্য আহ্বান জানানো হয়েছে। আর সেই সাংবাদিক বৈঠকেই বিরোধী মতাদর্শের সঙ্গে যারা জড়িত, তারাও বাংলাকে বাঁচানোর জন্য এই পরিবর্তন যাত্রায় সামিল হন বলেই আহ্বান জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।

রাজ্য বিজেপির সভাপতি দায়িত্ব যেদিন শমীকবাবু নিয়েছিলেন, সেদিন থেকেই তিনি বলে আসছেন যে, পশ্চিমবঙ্গে এবার কোনো শক্তি নেই যে, তৃণমূলকে ক্ষমতায় আনে। এমনকি ইডি, সিবিআই যদি নোটিশ পাঠানোও বন্ধ করে দেয় এবং এসআইআর বন্ধ হয়ে যায়, তবুও তৃণমূল এবার ক্ষমতা থেকে বিদায় নেবে বলে বিভিন্ন সভা থেকে আত্মপ্রত্যয়ী মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট ঘোষণা হওয়ার আগেই বিজেপির পক্ষ থেকে রাজ্য শুরু হচ্ছে পরিবর্তন যাত্রা। আর এই প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে ভোটের আগে রাজনৈতিক আবহাওয়াকে নিজেদের পক্ষে আনতেই বিজেপি এই কৌশল নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সেই কর্মসূচিতে বিরোধী মত হলেও তৃণমূলের যে সমস্ত কর্মীরা এখনও অমৃত রস পান করেননি, তাদেরও শামিল হওয়ার আহ্বান জানালেন শমীক ভট্টাচার্য। তবে শুধু তৃণমূল কর্মী নয়, বামপন্থী থেকে শুরু করে কংগ্রেস কর্মীদেরও বাংলা বাঁচানোর এই লড়াইতে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় থাকবার জন্য অনুরোধ করলেন তিনি।

এদিন বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক হয়। আর সেখানেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সার্বিকভাবে আমাদের লক্ষ্য, যে কোনো মতাদর্শের মানুষ আমাদের এই যাত্রায় অংশগ্রহণ করুন। কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। যারা অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেসকে ঘাম রক্ত দিয়ে প্রাসঙ্গিক করেছেন, যারা বিগত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃতরস পান করেননি, তারাও এই পরিবর্তনে আসুন। কংগ্রেস সামান্য অবশিষ্ট থাকলেও প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীদের আমরা অনুরোধ জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের অনুরোধ বামপন্থী কর্মীদের কাছেও। মতাদর্শ আপনার হৃদয়ে রাখুন, পতাকা বাড়িতে কোনো উঁচু জায়গায় তুলে রাখুন। কিন্তু এই নির্বাচনে স্লোগান একটাই, ২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন।”