প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আবহাওয়ার খামখেয়ালিপনা দেখলে বোঝার উপায় নেই, গরম আসছে, নাকি শীত আবার নতুন করে পড়ছে। যেমন, আজ সকালেই শহর কলকাতায় বেশকিছু জায়গায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা গিয়েছে। গতকাল আবার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। কেঁপে উঠেছিল বিভিন্ন এলাকা। প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছিলেন আতঙ্কে। এমনকি বিজেপির রাজ্য দপ্তরেও তখন তৎপরতার সহকারে কাজ চলছিল। আর সেই সময় সমস্ত নেতৃত্বরা বাইরে বেরিয়ে আসেন। তবে বিজেপি নেতারা তখনই জানিয়েছিলেন, এই ভূমিকম্প তো শুধু শুরু হলো। তবে আসল ভূমিকম্প ২০২৬ এর বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের দিন বোঝা যাবে। আর এবার আবহাওয়ার এই খামখেয়ালিপনার সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতিকে মিলিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

২৬ এর বিধানসভা নির্বাচনে যে একটা বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। গতকাল যখন ভূমিকম্প হয়েছিল, তখন বিজেপির যে নেতারা আতঙ্কে অফিস থেকে বেরিয়ে এসেছিলেন, তার মধ্যে অনেকেই বলেন, সবে তো ভূমিকম্প শুরু হলো। তবে আসল ভূমিকম্প ২৬ এর নির্বাচনের পর হবে। তখন রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন আসবে। অর্থাৎ তৃণমূল বিদায় যে নিশ্চিত, সেই কথা তুলে ধরে গতকালের ভূমিকম্পের সঙ্গে তৃণমূলের রাজনীতিতেও যে বড় ধ্বস নামবে, তা বুঝিয়ে দিয়েছিলেন বঙ্গ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। আর আজ সেই রকমই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেখানেই তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসের শেষ দিন আজকে। এত কুয়াশা হয়েছে, এটা একটা অভূতপূর্ব। এত কুয়াশা যে গাড়ি চালাতে পারছে না লোকজন। বিচিত্র। গতকাল ভূমিকম্প হয়ে গিয়েছে। আমার মনে হয়, পশ্চিমবঙ্গে একটা ভূমিকম্প অপেক্ষা করছে এপ্রিল, মে মাসে।”