প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাবরি মসজিদ ইস্যু নিয়ে তৈরি হয়েছিল সমস্যা। যার ফলে তৃণমূল তাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীতে তিনি নতুন দল গঠন করার কথা জানিয়ে দেন এবং প্রতিনিয়ত হুংকার দেন যে, এই নতুন দল গঠন করে তিনি এমন একটা সংখ্যা নিয়ে বিধানসভায় যাবেন, যাতে তৃণমূল এবং বিজেপি কোনো দলই সরকার গঠন করতে না পারে। তবে অনেকেই কটাক্ষ করে বলেছিল, সরকার গঠন তো অনেক দূরের কথা। আগে ভোটে লড়াই করে তো দেখান হুমায়ুন কবীর। তার দল আদৌ স্বীকৃতি পাবে তো? অবশেষে তিনি সেই কাজে অনেকটাই এগিয়ে গেলেন। ইতিমধ্যেই তার যে নতুন দল, সেই দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে হুমায়ুন কবীর তার নতুন দলের যে নাম রেখেছিলেন, সেই নামে কিছুটা বদল এসেছে।
বলা বাহুল্য, হুমায়ুন কবীর তার নতুন দলের নাম রেখেছিলেন জনতা উন্নয়ন পার্টি। কিন্তু এক্ষেত্রে এই নামে কিছুটা বদল আনতে হয়েছে। কেননা এই জেইউপি নামে অন্য একটি রাজনৈতিক দল রয়েছে। স্বাভাবিকভাবেই সেই নামে আর অন্য কোনো দলকে স্বীকৃতি দেওয়া যাবে না। তাই এই পরিস্থিতিতে হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের নাম হয়েছে, আমজনতা উন্নয়ন পার্টি। তবে নামে বদল হলেও যে কিছু এসে যায় না, তা হয়ত হুমায়ুনবাবু নিজেও জানেন। আর সেই কারণেই নাম বদলের বিষয় নিয়ে চর্চা হলেও, একটা খুশির খবর পেয়ে গেলেন তিনি।
সূত্রের খবর, ইতিমধ্যেই হুমায়ুন কবীরের নতুন দলের রেজিস্ট্রেশনের স্বীকৃতি পাওয়া গিয়েছে। আর সেই কারণেই তিনি তার দল গঠনের প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গিয়েছেন। রেজিস্ট্রেশন মঞ্জুর হওয়ার কারণে এবার তাকে প্রতীকের ক্ষেত্রে আবেদন করতে হবে। আর সেই ব্যাপারে সমস্ত কিছু স্বীকৃতি পেয়ে গেলেই আগামী দিনে ভোটে লড়াই করতে পারবে হুমায়ুন কবীরের এই নতুন দল। তবে রেজিস্ট্রেশন মঞ্জুর হওয়ার পর এখন এই ব্যাপারে সমস্ত সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে হুমায়ুন কবীরকে সব মিলিয়ে যে নতুন দল গঠন করার কথা এতদিন তিনি বলে আসছিলেন, সেই দলের রেজিস্ট্রেশন মঞ্জুর হয়ে যাওয়ার পর হুমায়ুনবাবু যে অত্যন্ত উজ্জীবিত, তা বলার অপেক্ষা রাখে না। এখন আগামী দিনে ভোটে লড়াই করার ক্ষেত্রে তিনি কতটা প্রভাব বিস্তার করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।