প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে পুলিশ সরিয়ে নিলে তৃণমূল দলকে খুঁজে পাওয়া যাবে না। তা খুব ভালো মতই জানে বিরোধীরা। তাই বারবার করে বিরোধী নেতা তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে একটাই কথা বলেছেন যে, পুলিশকে নিরপেক্ষ রেখে তৃণমূল লড়াই করতে আসুক। তাহলেই তৃণমূলকে বোঝানো যাবে, কত ধানে কত চাল। বিজেপি নেতারা কার্যত আত্মবিশ্বাসী, ২৬ এ তারা ক্ষমতায় আসছেন। আর ক্ষমতায় আসার পর যে সমস্ত পুলিশ কর্মীরা এবং প্রশাসনের যারা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন এবং বিজেপির প্রতিটি কর্মসূচিতে বাধাদান করার চেষ্টা করছেন, তাদের প্রতিও যে জবাব দেওয়া হবে, সেই কথা এখন থেকেই বুঝিয়ে দিচ্ছেন বিজেপি নেতারা। আর গতকাল পরিবর্তন যাত্রার কর্মসূচি থেকে এক পুলিশ অফিসারের নাম করে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এখন পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়েছে পরিবর্তন যাত্রায়। দিকে দিকে হচ্ছে সেই কর্মসূচি। তবে সেই কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবরও পাওয়া যাচ্ছে। গতকাল কোচবিহারে সেই কর্মসূচিতে বাধা দান করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর সেখানেই এক পুলিশ আধিকারিকের নাম করে বিজেপি ক্ষমতায় এলে পিষে দেওয়া হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি এক পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে বলেন, “আমি শুনলাম, এখানে একজন নতুন অফিসার এসেছেন। তার নাম দিগ্বিজয় নাকি! পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, তাহলে টাইম এলে আমরাও কিন্তু পিষে দেব।”