প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় সংবিধানকে চ্যালেঞ্জ করেন। প্রতিনিয়ত তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন কুৎসিত ভাষায় আক্রমণ করেন। এমনকি সাম্প্রতিককালে তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করতেও দুবার ভাবছেন না। তবে এর পরেও কেন্দ্রীয় সরকার এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যতটা কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিলো, ততটা পদক্ষেপ গ্রহণ করেনি। এই অভিযোগ মানুষের মধ্যে ছিল। সামনেই বিধানসভা নির্বাচন। বিজেপি রাজনৈতিকভাবে লড়ে নিতে চাইছে এই তৃণমূলের বিরুদ্ধে এবং তারপরেই গণতান্ত্রিক উপায়ে জয় পেয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে। তাই তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে সেভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করছে না। মানুষের মতামত নিয়েই তারা ক্ষমতায় আসতে চায়। আর এসবের মধ্যেই গতকাল রাজ্যে এসে প্রশাসনের অসহযোগিতা নিয়ে যেভাবে ক্ষোভ উগড়ে দিলেন রাষ্ট্রপতি, তারপর প্রশ্ন উঠছে যে, এরপরেও কি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে? বাংলার কাছে তো লজ্জার বিষয় যে, তৃণমূল সরকার এখনও পর্যন্ত ক্ষমতায় রয়েছে। যারা দেশের সর্বোচ্চ পদে বসে থাকা রাষ্ট্রপতিকে সম্মান করতে জানে না, যারা রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে বারবার দোলাচল সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ হবে না? তবে গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকার যে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছে তৃণমূলের প্রতি, তা সোশ্যাল মিডিয়ার পোস্টেই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন যে, গতকাল রাজ্যে এসে রাষ্ট্রপতি ঠিক কি বলেছেন। যেভাবে তার অনুষ্ঠানের স্থান বারবার বদল করা হয়েছে, তাতে যে তিনি অত্যন্ত ক্ষিপ্ত, তা তার বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। এমনকি রাষ্ট্রপতির এই বক্তব্য বাংলার মানুষের কাছে যে যথেষ্ট লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই কথাও বলার অপেক্ষা রাখে না। যেভাবে এই তৃণমূল সরকার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকেও মর্যাদা দিতে পারলো না, তাতে এখন সকলেই চাইছেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং প্রশাসনের যারা রাষ্ট্রপতিকে এইভাবে অসম্মান করেছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার। আর এরপরেও যদি কেন্দ্রীয় চুপ করে বসে থাকে, তাহলে তাদের প্রতি কিন্তু বাংলার মানুষের আস্থা উঠে যাবে। অন্তত জনতার মধ্যে থেকে সেই দাবিই উঠে আসছে। আর তার মধ্যেই গতকাল রাষ্ট্রপতির যে অপমান পশ্চিমবঙ্গে হয়েছে, তা নিয়ে কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি লেখেন, “এটি লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির উর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। আশা করা যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে।”