প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। গতকাল বামফ্রন্ট এবং বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা ইতিমধ্যেই নাম ঘোষণার পর প্রচারে নেমে পড়েছেন। তবে এখনও পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে রাজ্যের শাসক দল।

ভোট ঘোষণার পরেই খবর পাওয়া গিয়েছিল যে, তৃণমূল কংগ্রেস খুব দ্রুত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। সেক্ষেত্রে মঙ্গলবার তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে প্রথম থেকেই শোনা গিয়েছিল। আর সেই মতই আজ বিকেল ৩:১৫ মিনিট নাগাদ নিজের বাসভবন থেকে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে রাজ্যের শাসক দল।

ইতিমধ্যেই তৃণমূলের এই প্রার্থী তালিকা নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হতে শুরু করেছে। অনেক আসনে অনেক প্রবীণ বিধায়কের নাম বাদ পড়তে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। এমনকি বেশ কিছু আসনে নতুন মুখ এবং সেলিব্রিটি মুখকেও টিকিট দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে ঘড়ির কাটা ধরে বিকেল ৩:১৫ মিনিট নাগাদ প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে কি কি চমকের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।