প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর আজ সকাল থেকেই মন্দিরে মন্দিরে পূজো দিয়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা রীতিমত প্রচারে নেমে পড়েছেন। বরানগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী সজল ঘোষ। নাম ঘোষণার পরেই জীবন দিয়ে বিজেপিকে জেতানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। আর আজ একেবারে সাত সকালে বজরংবলি মন্দিরে পূজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়লেন বরানগরের বিজেপি প্রার্থী।

২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির একটাই টার্গেট, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা। আর সেই লক্ষ্য নিয়েই তারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঝড় তুলতে চাইছে। বিভিন্ন কেন্দ্রে বিজেপি যাদের প্রার্থী করেছে, তাতে তৃণমূলকে যে জোরদার টেক্কা দেওয়া যাবে, সেই সম্পর্কে সন্দেহ নেই গেরুয়া শিবিরের মধ্যে। গতবার উপনির্বাচনে বরানগর বিধানসভা কেন্দ্রে অল্প কিছু মার্জিনে পরাজিত হয়েছিলেন সজল ঘোষ। এবারেও সেই কেন্দ্রে সেই সজলবাবুর ওপরেই ভরসা রেখেছে বিজেপি।

সূত্রের খবর, এদিন সাতসকালেই বরানগর কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী সজল ঘোষ। যেখানে বরানগরের পঞ্চাননতলায় বজরংবলি মন্দিরে পুজো দেন তিনি। আর তারপরেই স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ শুরু করেন এই বিজেপি প্রার্থী। এমনকি পাড়ায় পাড়ায় প্রচারে গিয়ে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলাতেও অংশগ্রহণ করতে দেখা যায় সজল ঘোষকে। সব মিলিয়ে প্রচারের একদম শুরুতেই ময়দান কাঁপিয়ে দিচ্ছেন বরানগরের বিজেপি প্রার্থী।