প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নয়াদিল্লির দরবারে ফের একবার জয়জয়কার বাংলার সংস্কৃতির। ৪ দশকেরও বেশি সময় ধরে যিনি কোটি কোটি সিনেমা প্রেমীর হৃদয়ে রাজত্ব করছেন, সেই টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার পা রাখলেন এক অনন্য উচ্চতায়। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তে দর্শকাসনে উপস্থিত থেকে করতালিতে তাঁকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এই গৌরবময় অনুষ্ঠানে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়, তখন উপস্থিত সকলের চোখে-মুখে ছিল মুগ্ধতা। দেশের শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তাঁর অবদানের কথা মাথায় রেখেই ২০২৬ সালের এই সম্মাননা। প্রসেনজিতের এই প্রাপ্তি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র বাংলা চলচ্চিত্রের এক বিশাল জয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জাতীয় মঞ্চে বরাবরের মতোই বাঙালি ঐতিহ্যকে তুলে ধরেছেন প্রসেনজিৎ। ধুতি ও পাঞ্জাবিতে সেজে তিনি যখন রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণ করছিলেন, তখন দিল্লির দরবারে ফুটে উঠেছিল এক টুকরো খাঁটি বাংলা। ৪ শতাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি যেভাবে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, এই সম্মান তারই এক পরম স্বীকৃতি।
এই খবরটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় খুশির হাওয়া। দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা বুম্বাদাকে শুভেচ্ছা জানাচ্ছেন। মোদী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অনেকেই লিখছেন, “যোগ্য মানুষই যোগ্য সম্মান পেলেন।”