প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পরিবহন দপ্তরের রাজাসনে বসেই অনিয়মের দুর্গে বড়সড় ধাক্কা দিলেন নতুন ক্যাবিনেট মন্ত্রী অর্জুন সিং। এতকাল সাধারণ মানুষ যে প্রশ্নটা প্রতিনিয়ত করে আসছিলেন—রাস্তায় সরকারি বাস নেই কেন? কেন ডিপো ফাঁকা? চালক ও কর্মীদের এত ক্ষোভ কিসের? সেই সমস্ত প্রশ্নের মূলে থাকা আসল রোগটি প্রথম দিনেই চিহ্নিত করে দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, সরকারি বাস রাস্তায় না চলার পেছনে অন্যতম বড় কারণ হলো সর্ষের মধ্যের ভূত—অর্থাৎ “তেল চুরি” এবং ভেতরের একশ্রেণীর চরম দুর্নীতি। দীর্ঘদিনের এই অচলাবস্থা ভেঙে আমজনতার ভোগান্তি দূর করাই এখন নতুন প্রশাসনের মূল লক্ষ্য।
কিন্তু প্রশ্নটা তো রয়েই যায়—সরকারি কোষাগারের টাকায় কেনা তেল কার পকেটে যাচ্ছিল? সরকারি বাসকে বসিয়ে রেখে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে ঠেলে দেওয়ার নেপথ্যে কোন অদৃশ্য সিন্ডিকেটের হাত ছিল? বছরের পর বছর ধরে চলা এই কোটি কোটি টাকার তেল চুরির চক্রকে এবার সমূলে উপড়ে ফেলার স্পষ্ট বার্তা দিলেন নতুন পরিবহন মন্ত্রী। প্রশাসনিক অলিন্দে কোনো রকম বেনিয়ম যে বরদাস্ত করা হবে না, তা তাঁর কড়া অবস্থান থেকেই পরিষ্কার। তিনি সাফ জানিয়েছেন, এই লুটরাজের দিন এবার শেষ।
মন্ত্রীর এই বক্তব্য আইনি এবং প্রশাসনিক দিক থেকে অত্যন্ত সুনির্দিষ্ট। কোনো ব্যক্তিবিশেষের নাম না নিয়ে অর্জুন সিং সরাসরি আঘাত করেছেন ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতিকে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিবহন দপ্তরের খোলনলচে বদলে ফেলে প্রতিটি স্তরে দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। এই কড়া বার্তার পর দপ্তরের ভেতর স্বচ্ছতা ফিরিয়ে আনাই এখন নতুন মন্ত্রীর প্রধান লক্ষ্য।