প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে কলকাতার পুণ্যভূমি বাগবাজার মায়ের ঘাটে এক মেগা স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে ঐতিহাসিক এই গঙ্গার ঘাটে নিজে হাতে ঝাঁটা তুলে নিয়ে সাফাই অভিযান চালান তিনি। একই সঙ্গে ঘাট প্রাঙ্গণে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বৃক্ষরোপণ করেন এবং মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মঙ্গলকামনা করেন।

আজকের এই কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী কলকাতার গঙ্গার ঘাটগুলির ভোলবদল নিয়ে এক বড় ঘোষণা করেন। শ্রীরামকৃষ্ণ দেব এবং মা সারদামণির স্মৃতিবিজড়িত বাগবাজার ঘাট, আহিরীটোলা, শোভাবাজার, মল্লিক ঘাট ও বাবুঘাটের মতো ঐতিহাসিক স্থানগুলির হেরিটেজ বা সনাতন ঐতিহ্য বজায় রেখেই সম্পূর্ণ সংস্কার ও সৌন্দর্যায়ন করা হচ্ছে। আগামী দুর্গাপূজার আগেই এই সমস্ত ঘাটের ভোলবদল সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য প্রশাসন। সাফাই অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমরা দেশের প্রধানমন্ত্রীকে একটি সুন্দর এবং স্বচ্ছ বাংলা উপহার দেব।” মোদীজির ‘স্বচ্ছ ভারত’ অভিযানের অনুপ্রেরণায় বাংলার প্রতিটি কোণকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলাই যে তাঁর সরকারের মূল লক্ষ্য, তা আজ আরও একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

আজকের এই হাই-প্রোফাইল কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির বিজেপি নেতৃত্ব। পরিচ্ছন্নতা অভিযানে কোমর বেঁধে নামেন রাজ্য মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল, বর্ষীয়ান নেতা তাপস রায় এবং স্থানীয় শ্যামপুকুর বিধানসভার বিজেপি বিধায়ক-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজনৈতিক মহলের মতে, যোগ দিবসের আগে কলকাতার বুকে বিজেপির এই মেগা স্বচ্ছতা অভিযান এক অত্যন্ত ইতিবাচক বার্তা দিল।