প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভরসকালে হুগলির রিষড়ায় ধুন্ধুমার কাণ্ড। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা মুড়ে ফেলে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিল এনআইএ (NIA)। দীর্ঘ টানাপোড়েন এবং জিজ্ঞাসাবাদের পর অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার হলেন অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলি (সাকির আলি)। আজ, মঙ্গলবার সকালের এই হাই-ভোল্টেজ অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ (৩০ জুন) সকাল হতেই আচমকা রিষড়ায় অপরূপা পোদ্দারের বাসভবনের সামনে এসে দাঁড়ায় ৪ ভ্যান সিআরপিএফ (CRPF) জওয়ান। মুহূর্তের মধ্যে পুরো বাড়িটি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা। বাড়ির সমস্ত প্রবেশ ও প্রস্থানের পথ সিল করে দেওয়া হয়। এরপরই ভিতরে ঢোকেন এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা।
সূত্র মারফত খবর, সাতসকালেই ঘুম থেকে তুলে শাকির আলিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়। বেশ কিছু নথিপত্রও খতিয়ে দেখেন আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলে এই রুদ্ধশ্বাস পর্ব। গোয়েন্দাদের একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি মেলাতেই শাকির আলিকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে এনআইএ সূত্রে দাবি।
তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর তথা প্রাক্তন সাংসদের স্বামীর গ্রেফতারির খবর ছড়াতেই এলাকায় শোরগোল পড়ে যায়। বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তার বলয় তৈরি করে কেন্দ্রীয় বাহিনী। এরপরই শাকির আলিকে গাড়িতে তুলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এনআইএ আধিকারিকরা। আজই তাঁকে বিশেষ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কেন্দ্রীয় সংস্থা।