প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য জুড়ে বহুচর্চিত ‘গুন্ডা দমন আইন’ (PASA Act) আনুষ্ঠানিকভাবে বলবৎ হওয়ার প্রথম দিনেই আইনি বিরোধিতার মুখে পড়ল রাজ্য সরকার। এই নতুন আইনের কার্যকারিতার ওপর অবিলম্বে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আজ, সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি মঞ্জুর করেছে।

মানবাধিকার কর্মীদের পক্ষে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আজ সকালে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। মামলাকারীদের মূল অভিযোগ, এই আইনটি ‘সংবিধানবিরোধী’ এবং এর ধারাগুলো প্রয়োগ করে সাধারণ মানুষের মৌলিক ও নাগরিক অধিকার খর্ব করা হতে পারে। তাই আইনটির ওপর অবিলম্বে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।তবে এই মামলার শুনানি এখনই জরুরি ভিত্তিতে করতে রাজি হয়নি আদালত।

ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, নিয়মমাফিক মামলাটি আগে নথিভুক্ত হবে, তারপর আদালতের দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট) অনুযায়ী এর শুনানি গ্রহণ করা হবে। অন্যদিকে নবান্নের দাবি, রাজ্যে জমি মাফিয়া, তোলাবাজি এবং সংগঠিত অপরাধ দমন করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন চালুর প্রথম দিনেই আদালতের এই কড়া নাড়াচাড়ায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।