প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সোমবার দুপুরেই কলকাতা হাইকোর্ট থেকে এল সবচেয়ে বড় রাজনৈতিক ব্রেকিং নিউজ! দীর্ঘ আইনি টানাপোড়েন ও চরম নাটকীয়তার অবসান ঘটিয়ে আদালত অবমাননার হাইভোল্টেজ মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা কুণাল ঘোষ। শুধু কুণাল ঘোষই নন, তাঁর সঙ্গে দোষী প্রমাণিত হয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ একাধিক শিক্ষক নেতাও। কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতির বিশেষ বেঞ্চ আজ এই মামলার ঐতিহাসিক সাজা ঘোষণা করেছে।

সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ কড়া ভাষায় এই সাজা ঘোষণা করে। আদালত অবমাননার ঘটনার মূল উস্কানিদাতা হিসেবে তৃণমূল নেতা কুণাল ঘোষকে ২,০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি অভিযুক্ত শিক্ষক ও চাকরিপ্রার্থী নেতাদের প্রত্যেককে ১,০০০ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

স্কুল সার্ভিস কমিশনের (SSC) শারীরশিক্ষা ও কর্মশিক্ষার অতিরিক্ত শূন্যপদ (সুপারনিউমেরারি) তৈরি সংক্রান্ত মামলায় হাইকোর্টের একটি পর্যবেক্ষণের পর তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, কুণাল ঘোষের সরাসরি প্ররোচনায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের একটি অংশ হাইকোর্ট চত্বরে ঢুকে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম ও বিক্রম বন্দ্যোপাধ্যায়ের চেম্বার ঘেরাও করে নজিরবিহীন হেনস্থা চালায়। একই সঙ্গে আদালতের বাইরে বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে ফেলে পা দেওয়া এবং তাঁর নামে কুরুচিকর পোস্টার সাঁটানোর মতো গুরুতর অভিযোগ ওঠে। আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত করা ও বিচারপতি অবমাননার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর আজ সেই মামলাতেই কুণাল ঘোষদের দোষী সাব্যস্ত করে কড়া বার্তা দিল আদালত।