প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতা শহরের অত্যন্ত ব্যস্ত বেলতলা পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (PVD) অফিসে সোমবার আচমকা পরিদর্শনে গেলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সেখানে গিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থা, লাইসেন্স ও গাড়ির নথিপত্রের কাজে দালাল রাজ এবং সরকারি পরিবহণ ব্যবস্থার ভেতরের চুরিচক্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বর্তমান পরিস্থিতিকে সরাসরি “ঘুঘুর বাসা” বলে তোপ দেগেছেন মন্ত্রী। একইসঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং জটলা কাটাতে প্রয়োজনে এই অফিসটি কসবায় স্থানান্তরিত করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকের পর, সরকারি দফতরগুলির কাজের গতি ফেরাতে সোমবার এই আকস্মিক পরিদর্শনে যান নতুন পরিবহণমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, পরিষেবা অনলাইন হওয়া সত্ত্বেও আমজনতাকে কেন দালালদের চক্করে পড়তে হবে? তা ছাড়া, সরকারি বাসের তেল, টায়ার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির পিছনে একটি সুসংগঠিত সিন্ডিকেট কাজ করছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। এই চক্রের সঙ্গে জড়িত প্রায় ১৫০ জনের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা, এমনকি সিআইডি (CID) ও ভিজিল্যান্স তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
বেলতলা দফতর চত্বরের নিরাপত্তা বাড়াতে এবং দালালদের চিহ্নিত করতে অবিলম্বে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।সাধারণ মানুষের রূপ ধরে ঘুরে বেড়ানো দালাল চক্রকে হাতেনাতে ধরতে কলকাতা পুলিশকে সাদা পোশাকে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দফতরে আসা নাগরিকরা যাতে সরাসরি সরকারি আধিকারিকদের সাহায্য পান, তার জন্য একটি নির্দিষ্ট ‘মে আই হেল্প ইউ’ (May I Help You) কাউন্টার চালু করা হচ্ছে। বেলতলার বর্তমান এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় সাধারণ মানুষের গাড়ি নিয়ে যাতায়াত ও কাজ করতে সমস্যা হচ্ছে। এই সমস্যা মেটাতে দফতরটি কসবা (Kasba) বা অন্য কোনও ফাঁকা পরিকাঠামোযুক্ত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে সরকার।
তবে নথিপত্র এবং প্রশাসনিক জটিলতার কারণে এখনই অফিস স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আপাতত বর্তমান জায়গাতেই নজরদারি বাড়িয়ে কাজ মসৃণ করার দিকেই জোর দেওয়া হচ্ছে। মন্ত্রীর এই আকস্মিক অভিযান এবং কড়া অবস্থানের পর বেলতলা মোটর ভেহিক্যালস চত্বরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। দুর্নীতির আখড়া বন্ধ করে সাধারণ মানুষকে স্বচ্ছ পরিষেবা দেওয়াই এখন পরিবহণ দফতরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্জুন সিং।