প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য রাজনীতিতে এবার সবথেকে বড় ধামাকা! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নজিরবিহীন ওপেন অফার ছুঁড়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু অফার দেওয়াই নয়, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইলে তাঁর জন্য খোদ সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দিতেও তিনি প্রস্তুত! শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের মেগা কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দুর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

এদিন মেজিয়াতে ১৫,০০০ কোটি টাকার মেগা ইস্পাত কারখানা সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হাই-প্রোফাইল শিল্প মঞ্চ থেকেই তিনি তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা মারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান রাজনৈতিক অবস্থাকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী এদিন কটাক্ষের সুরে বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে এখন প্রচুর সময়। উনি ঘরে বসে না থেকে একবার মেজিয়ার এই প্ল্যান্টের ভেতরে এসে দেখে যান কেমন কাজ হচ্ছে।”

এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী আরও একধাপ এগিয়ে রীতিমতো চমকে দেওয়ার মতো ঘোষণা করেন। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি একবার মেজিয়ার এই প্ল্যান্ট পরিদর্শনে আসার ইচ্ছা প্রকাশ করেন এবং তাঁকে (শুভেন্দুকে) জানান, তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাতায়াতের সুবিধার্থে তিনি নিজেই সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন ও শিল্পের খতিয়ান দেখানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই ‘হেলিকপ্টার কৌশল’ নিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন তিনি বোঝাতে চেয়েছেন যে আগের জমানায় রাজ্যে শিল্প হয়নি, অন্যদিকে ‘প্রচুর সময় আছে’ বলে মমতার বর্তমান রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েও চরম খোঁচা দিয়েছেন তিনি। শিল্পের মঞ্চ থেকে খোদ বর্তমান মুখ্যমন্ত্রীর মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য সরকারি হেলিকপ্টার বরাদ্দের এই নজিরবিহীন প্রস্তাব যে আগামী কয়েকদিন বঙ্গ রাজনীতির পারদ বহুগুণ বাড়িয়ে রাখবে, তা বলাই বাহুল্য।