প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-১০ কোটি টাকার মানহানির মামলা নিয়ে এবার সরাসরি রাজ্য রাজনীতিতে মহাবিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! ফেসবুক লাইভে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তোলার অপরাধে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জল গড়াতেই এবার সরাসরি ময়দানে নেমে অভিষেককে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ও অনেক বড় বড় কথা বলেছে, কাউন্টার করব না। বাপের নাম ঠিক থাকলে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে ভোটে লড়বে।”

মদন মিত্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপ্ত প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কোনো দীর্ঘ তর্কে না গিয়ে সরাসরি আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ জানান।

সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিস্ফোরক লাইভ ভিডিও করেন মদন মিত্র। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলার পরই তাঁর আইনি প্রতিনিধি মারফত মদন মিত্রকে ১০ কোটি টাকার এই আইনি নোটিশ পাঠানো হয়। ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও রয়েছে সেখানে।

ইডির স্ক্যানারে থাকা বিধায়ক মদন মিত্র তাঁর লাইভে “ডায়মন্ড হারবার মডেল দিয়ে আমাকে চমকাবেন না” বলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। প্রায় ৭ মিনিটের ওই ভিডিওতে কিছু অত্যন্ত বিতর্কিত ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে দাবি করেই এই আইনি নোটিশ পাঠানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় অন্দরে ক্ষমতার ভারসাম্যের বদল ঘটার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি ও রাজনৈতিকভাবে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছেন। আর ঠিক সেই সময়েই খোদ মুখ্যমন্ত্রীর এই খোলা চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।