প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের নারী ও শিশু সুরক্ষার প্রশ্নে পুলিশ প্রশাসনকে এক নজিরবিহীন ও চরম কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের আলোচনায় অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, “কোনও মহিলা বা কন্যার ওপরে কিছু ঘটলে, কারও নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করুন।” বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই বিধানসভার ফ্লোর থেকে প্রশাসনের হাত শক্ত করতে মুখ্যমন্ত্রীর এই ‘ফ্রি-হ্যান্ড’ দেওয়ার নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, নারী নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশকে কোনো রাজনৈতিক নেতা বা প্রশাসনিক ওপরতলার আদেশের জন্য ফাইল আটকে বসে থাকতে হবে না। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্ত ব্যবস্থা নিতে হবে। শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, অপরাধী যে দলেরই হোক বা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কোনো রকম রেয়াত করা চলবে না। আইন নিজের ক্ষমতাবলে তৎক্ষণাৎ কাজ করবে।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা নির্যাতনের ঘটনায় যেভাবে পুলিশ গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) দ্রুততার সঙ্গে কাজ করেছে এবং মূল অভিযুক্তদের জালে তুলেছে, সেই সক্রিয়তাকেই রাজ্যের প্রতিটি কোনায় বজায় রাখার নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্র দফতরের বাজেট আলোচনাকে কেন্দ্র করে এদিন শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিরোধী বেঞ্চ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হলে, মুখ্যমন্ত্রী অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে নিজের সরকারের অনড় অবস্থান স্পষ্ট করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুলিশকে সরাসরি এই ধরণের ‘অ্যাকশন নেওয়ার’ নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারী একদিকে যেমন সাধারণ মানুষের কাছে কড়া প্রশাসনের বার্তা দিলেন, ঠিক তেমনই বিরোধী শিবিরকেও রাজনৈতিকভাবে কোণঠাসা করলেন।